Advertisement

এসএসসিতে কী রেজাল্ট করলেন ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’

এশিয়া পোস্ট বিনোদন
এসএসসিতে কী রেজাল্ট করলেন ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল। অভিনয়ের ব্যস্ততার মাঝেও এবারের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেত্রী ইসরাত অতিথি। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফারহানা চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসা এই তরুণ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও সাফল্যের পরিচয় দিয়েছেন।

Advertisement

রাজধানীর উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ইসরাত। ফল প্রকাশের পর নিজের স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে ইসরাত লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

ইসরাতের কাঙ্ক্ষিত ফল ছিল জিপিএ-৫। তবে জিপিএ-৪ পেয়েও ভীষণ খুশি তার পরিবার। কারণ অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে তাকে বেশ কঠিন সময় পার করতে হয়েছে।

ইসরাতের এসএসসি পরীক্ষার প্রস্তুতির গল্পটাও ছিল কিছুটা ভিন্ন। নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছিলেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নিয়মিত শুটিংয়ের কারণে পড়াশোনার সঙ্গে অভিনয়ের ভারসাম্য রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এ কারণে এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। তখন বোর্ডে তার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল। পরে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিভাগ পরিবর্তনের ব্যবস্থা করা হয়। নতুন বিভাগে স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশ নেন তিনি। প্রি-টেস্ট পরীক্ষাতেও নিজের সেকশনে ভালো ফল করেছিলেন বলে জানান তার পরিবারের সদস্যরা।

শুধু তাই নয়, এসএসসি পরীক্ষার আগের দিনগুলোতেও অভিনয়ের কাজ চালিয়ে যেতে হয়েছে ইসরাতকে। তার বোন জানান, এমনও হয়েছে, শুটিং শেষ করে ভোরে ঢাকায় ফিরে অল্প সময়ের মধ্যে পরীক্ষায় অংশ নিতে হয়েছে তাকে। শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতেন ইসরাত।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের পরিচালক মুহাম্মাদ মোস্তফা কামাল রাজসহ পুরো শুটিং টিম ইসরাতের পড়াশোনার বিষয়টি গুরুত্ব দিয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন তার বোন। পরিবারের পক্ষ থেকেও ভালো ফলাফলের জন্য তাকে কোনো ধরনের বাড়তি চাপ দেওয়া হয়নি। বরং মা সবসময় তাকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এই ফলাফলে উচ্ছ্বসিত পরিবার। তার দুই বোনের একজন আগে গোল্ডেন এ-প্লাস পেলেও এবারের ফল নিয়ে পরিবারের আনন্দ যেন আরও বেশি। কারণ অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ইসরাত যে অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন, সেটিই পরিবারের কাছে বিশেষ অর্জন।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা ইসরাত অতিথি সাম্প্রতিক সময়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তবে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফারহানা চরিত্রে অভিনয় করেই তিনি ব্যাপক পরিচিতি পান। ধারাবাহিকটির পাশাপাশি তাকে সর্বশেষ দেখা গেছে রাফাত মজুমদার রিংকুর ‘ভালোবাসার গল্প’ নাটকে। ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটকটি সম্প্রতি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। শিক্ষাজীবনের এই ধাপ পেরিয়ে সামনে পড়াশোনার পাশাপাশি নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চান ইসরাত অতিথি।

এসএসসিতে কী রেজাল্ট করলেন ‘এটা আমাদেরই গল্প’র ‘ফারহানা’