রাত ১০টার পর আমাকে ফোনে পাওয়া যাবে না: প্রভা

নিয়ম মেনে জীবনযাপন করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রুটিন অনুযায়ী খাবার, জিম এবং ঘুমের নিয়ম মেনে চলেন তিনি। এ নিয়ে প্রভা বলেন, ‘স্বাস্থ্যসম্মত খাবার খেলেই শুধু হবে না, তার সঙ্গে জিম মেইনটেইন করতে হবে এবং ঘুমের টাইম ঠিক রাখতে হবে। তা না হলে কিচ্ছু ঠিক থাকবে না। এর জন্য রাত ১০টার পর আমি ফোন থেকে নিজেকে সরিয়ে রাখি। তাই রাত ১০টার পর দুনিয়াতে যা কিছু হয়ে যাক, আমাকে ফোনে পাওয়া যাবে না। নিয়মটি আমি অনেক দিন ধরে মেনে আসছি।’
জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এনেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কোনো ধরনের এলোমেলো সূচি নয়, বরং কঠোর নিয়ম ও সুনির্দিষ্ট রুটিন মেনে দিন কাটাচ্ছেন এই তারকা। নিয়মিত পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়ম মেনে শরীরচর্চা এবং সঠিক সময়ে ঘুম, এই তিন নিয়মে এখন পরিচালিত হচ্ছে তার দৈনন্দিন জীবন।
নিজের এই সুশৃঙ্খল অভ্যাসের অংশ হিসেবে রাতের বেলা ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ রেখেছেন এই অভিনেত্রী।
শোবিজ অঙ্গনের তারকারা সাধারণত কাজের প্রয়োজনে গভীর রাত পর্যন্ত জেগে থাকেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। এইদিক থেকে প্রভা এখন একদমই আলাদা।

