হঠাৎ কেন আলোচনায় সাফা কবির

শোবিজ অঙ্গনে প্রেম বিয়েবিচ্ছেদ নতুন কিছু নয়। কান পাতলেই শোনা যায় এসব গুঞ্জন। চলতি বছর একের পর এক তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের খবর শোনা গেছে। সেই তালিকায় নাম লিখিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। কিন্তু এই বিচ্ছেদ ঘোষণার মাঝেই হঠাৎ ভিন্ন এক আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।
কোনো বিতর্ক নয়, কেবল একটি সামাজিক মাধ্যমেই ছবি পোস্ট করেই নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। যেখানে তার সমসাময়িক অনেক তারকারা থিতু হয়েছেন সংসার জীবনে কিংবা পা বাড়িয়েছেন বিচ্ছেদের পথে, সেখানে ঠিক উল্টো স্রোতে গা ভাসিয়ে এখনও সিঙ্গেল জীবন পুরোদমে উপভোগ করছেন সাফা। ফলে তার শেয়ার করা স্বস্তির মুহূর্তের ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রসাত্মক আলোচনা। কেউ এটিকে নিছক মজার পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বর্তমান সময়ের তারকাদের চলমান বিয়ে-বিচ্ছেদের ট্রেন্ডের সঙ্গে মেলাচ্ছেন।
শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, একটি সোফায় বাথরোব পরে বেশ আয়েশ করে বসে আছেন সাফা। মুখে শিট ফেসিয়াল মাস্ক আর চোখে কালো সানগ্লাস। এক হাতে জুসের গ্লাস ধরে থাকার পাশাপাশি তার সামনে টেবিলে সাজানো ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস-যা তার ছুটির আমেজের রূপটিকে বেশ স্পষ্ট করে তুলেছে।
পোস্টের মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আবার অন্য আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’
নেটিজেনদের একাংশের মতে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের বিয়ে, সম্পর্ক ভাঙা-গড়ার খবরের ভিড়ে সাফার এমন নান্দনিক পোস্ট এক ধরনের স্বস্তির অনুভূতি এনে দিয়েছে। তবে অভিনেত্রী নিজে এই পোস্টে বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি। মূলত ভক্ত-অনুরাগীরাই বিষয়টি নিয়ে নিজেদের মতো করে নানা গুঞ্জন তৈরি করেছেন।