৪৫০ পর্বের মাইলফলকে ‘হাবুর স্কলারশিপ’

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ এবার পেরোচ্ছে ৪৫০ পর্বের মাইলফলক। বৈশাখী টেলিভিশনে প্রচারিত নাটকটির বিশেষ এই পর্ব প্রচার হবে আগামী ২৪ নভেম্বর। দীর্ঘ সময় ধরে দর্শকের সঙ্গে থাকা এ নাটকের সাফল্যে উচ্ছ্বসিত এর অভিনেতা রাশেদ সীমান্ত।
নাটকটিতে হাবু চরিত্রে অভিনয় করছেন রাশেদ সীমান্ত। এটি তার অভিনীত প্রথম দীর্ঘ ধারাবাহিক নাটক। ‘সাড়ে চারশ’ পর্ব প্রচারের খবরকে নিজের অভিনয়জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রাশেদ সীমান্ত বলেন, ‘এটা আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। আমার কোনো ধারাবাহিক নাটক ‘সাড়ে চারশ’ পর্ব প্রচার হচ্ছে, এটা অবিশ্বাস্য। মনে হচ্ছে, এই তো সেদিনের কথা, আমি অভিনয় শুরু করলাম। এরই মধ্যে একটি নাটক ‘সাড়ে চারশ’ পর্ব।’
দর্শকের ভালোবাসার কথাও জানালেন অভিনেতা। তার ভাষ্য, ‘রাস্তাঘাটে বের হলে মানুষ আমাকে এখন হাবু হাবু বলে ডাকে। এটা যে কত আনন্দের, তা বলে বোঝাতে পারব না। শুধু এইটুকুই বলব, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
‘হাবুর স্কলারশিপ’ নাটকের গল্পে দেখা যায়, গ্রামের সহজ-সরল ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে যায়। বিশ্ববিদ্যালয়ে নিজের মেধার পরিচয় দিয়ে আগের সব রেকর্ড ভেঙে প্রথম স্থান অর্জন করে সে। অস্ট্রেলিয়ায় পাঁচ বছরের শিক্ষাজীবনে নানা বিপদে তার পাশে থাকে বাংলাদেশি সহপাঠী মারজান।
পড়াশোনা শেষে হাবুকে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে নিজের মেধা দেশের কাজে লাগানোর ইচ্ছা জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেশে ফিরে আসে হাবু। আগের পর্বগুলোতে গল্পের এই পর্যায় পর্যন্ত দেখানো হয়েছে। সেখান থেকেই নতুন পর্বগুলোতে শুরু হয় তার দেশে ফেরার পরের জীবন। নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে নাটকের কাহিনি।
বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন আল হাজেন। নাটকটিতে রাশেদ সীমান্ত ছাড়াও অভিনয় করছেন তানজিকা আমিন, শফিক খান দিলু, হায়দার আলী, সাইকা আহমেদ, অহনা রহমান, মৌসুমী হামিদ ও নীলা ইসলামসহ আরও অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান মিড এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ধারাবাহিকটির দৃশ্যধারণ হয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে। নাটকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হচ্ছে। আগামী ২৪ নভেম্বর প্রচার হবে এর ৪৫০তম পর্ব।
