অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের কবি ও প্রবীণ অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক নানা জটিলতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন রিফাত চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও নিজেকে চাঙা রাখতে কবিতা পড়ছেন এই কবি। শারীরিক অসুস্থতার মধ্যেও আবার অভিনয়ে ফেরার পাশাপাশি লেখালেখি চালিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে তার। একই সঙ্গে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তারও প্রয়োজন রয়েছে বলে জানা গেছে।
১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন রিফাত চৌধুরী। আশির দশকে লেখালেখির মধ্য দিয়ে তার সাহিত্যজীবনের শুরু। সে সময়ের লিটল ম্যাগাজিন আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত, সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’ ও ‘আমি একজন ভৌগোলিক’।
অভিনয়েও দীর্ঘ পথচলা রয়েছে রিফাত চৌধুরীর। নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মাধ্যমে অভিনয়ে তার যাত্রা শুরু। পরে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’-এ ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন।
দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক টেলিভিশন নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই কবি ও অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। চিকিৎসা শেষে তিনি আবার অভিনয় ও লেখালেখিতে ফিরবেন এমন প্রত্যাশা রয়েছে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।