দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ

এশিয়া পোস্ট বিনোদন
দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

চলতি বছর মার্চে বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় আসেন মৌসুমী হামিদ। সে সময় জানা যায়, স্বামীর পরকীয়ার জেরে ঘর ভেঙেছে তার। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। মৌসুমিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এবার জানা গেল নতুন খবর। মা হচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে অন্তঃসত্ত্বার খবর সবাইকে জানান মৌসুমী। সহকর্মীদের উদ্দেশে বলেন, আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।

মা হওয়ার পাশাপাশি দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মৌসুমী। লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর এক প্রকার নীরব ছিলেন অভিনেত্রী। সামনে আনেননি দ্বিতীয় বিয়ের খবরও।

তিনি বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।

এ সময় স্বামী আব্দুল ওয়াদুদকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। জানান বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। তার কথায়, আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।

মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।