logo

আসছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’

আসছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত রূপরেখা, প্রতিযোগিতার কাঠামো এবং সম্মাননা প্রদান প্রক্রিয়া তুলে ধরেন আয়োজকবৃন্দ। ছবি: আয়োজকদের সৌজন্যে

দেশের নৃত্যশিল্পীদের মেধা বিকাশ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যচর্চার বিকাশ এবং নৃত্যশিল্পে অনন্য অবদান রাখা বরেণ্য ব্যক্তিত্বদের সম্মানিত করার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে এবং চক অ্যান্ড ডাস্টার (ক্রিয়েটিভ স্টুডিও)-এর ইভেন্ট ব্যবস্থাপনায় ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব। প্রথম দুই দিন চলবে অডিশন ও জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা এবং ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড সম্মাননা ও পুরস্কার বিতরণী।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত রূপরেখা, প্রতিযোগিতার কাঠামো এবং সম্মাননা প্রদান প্রক্রিয়া তুলে ধরেন আয়োজকরা।

Advertisement

নৃত্যশিল্পে অবদান, দীর্ঘদিনের সাধনা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে পাঁচটি বিশেষ সম্মাননা ও পদক প্রদান করা হবে।

যথাক্রমে আজীবন সম্মাননা ২০২৬ বাংলাদেশের নৃত্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান ও অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট নৃত্যব্যক্তিত্ব আমানুল হককে, নৃত্যাচার্য বুলবুল চৌধুরী পদক ২০২৬ জ্যেষ্ঠ নৃত্যশিল্পী ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে বিশিষ্ট নৃত্যশিল্পী কাজল ইব্রাহিমকে, লোকনৃত্য সম্রাট জি. এ. মান্নান পদক ২০২৬ মধ্যম পর্যায়ের নৃত্যশিল্পী ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে জনাব আবদুস সাত্তার (কালু)-কে, যিনি রাজবাড়ীর একজন বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক। এছাড়া নৃত্য প্রভাকর গহর জামিল পদক ২০২৬ উদীয়মান নৃত্যশিল্পী ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে জনাব হাসান ইশতিয়াক ইমরানকে এবং আন্তর্জাতিক সম্মাননা ২০২৬ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নৃত্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং দেশের সাংস্কৃতিক পরিচিতি বিশ্বপরিসরে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যানি ফেরদৌসীকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের সব জেলার উদীয়মান ও প্রতিভাবান নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। ৫ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক বা তদূর্ধ্ব প্রতিযোগীরা তিনটি বয়স গ্রুপে এবং একক, দ্বৈত, দলীয় ও প্রোডাকশন-এই চারটি নৃত্য বিভাগে শাস্ত্রীয়, লোক, সমকালীন ও সৃজনশীল নৃত্যের বিভিন্ন শাখায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। দেশের প্রথিতযশা নৃত্যগুরু ও শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন এবং প্রতিটি বিভাগে একজন করে তারকা বিচারক যুক্ত থাকবেন। আগ্রহী প্রতিযোগীরা মোবাইল ফোন থেকেই ডিজিটাল ফর্মের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো ‘গুণীজন সম্মাননা’। দেশের নৃত্যকলা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদান এবং সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বরেণ্য নৃত্যশিল্পীদের আজীবন সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি প্রবাসে থেকেও বাঙালি ও দেশীয় নৃত্যশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী নৃত্যশিল্পীদেরও এই আয়োজনে সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘নৃত্য কেবল শারীরিক মুদ্রা বা ছন্দ নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। ‘ধ্রুবতারা ২০২৬’-এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের একটি জাতীয় মঞ্চ দিতে চাই, যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবে এবং একইসঙ্গে অগ্রজ গুণীজনদের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারবে।’

প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া, অডিশন ও মূল পর্বের সময়সূচি এবং ভেন্যুসংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে জানানো হবে।