logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বিরতি শেষে অভিনয়ে ফিরেই দর্শকের ভালোবাসায় তানিয়া বৃষ্টি

বিরতি শেষে অভিনয়ে ফিরেই দর্শকের ভালোবাসায় তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন সময় পেরিয়ে আবার অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতি শেষে নতুন নাটক ‘অংশীদার’ দিয়ে ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

গত ২৬ অক্টোবর নাটকটির শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটিতে তানিয়ার সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।

Advertisement

‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক টানাপোড়েন, নারীর সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়গুলো। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা এই নাটকের গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নাটকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মুক্তির প্রথম ২২ ঘণ্টায় নাটকটি দেখেছেন ১৫ লাখ ৮৫ হাজারের বেশি দর্শক। নাটকটির গল্প ও অভিনয় নিয়ে প্রশংসার পাশাপাশি আবেগঘন মন্তব্যও করছেন দর্শকেরা।

সুমাইয়া নামে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে- এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’ ফারজানা নামে আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপ দেখছি, কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’

নাটকটির গল্প নিয়ে আলোচনার পাশাপাশি তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরাও দর্শকদের আনন্দের অন্যতম কারণ। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখে শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। আরোশি নামে একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো- এই দোয়া করি।’ আরেক দর্শক লিখেছেন, ‘সবচেয়ে বেশি ভালো লাগছে প্রিয় অভিনেত্রী বৃষ্টি আপুকে নাটকে ফিরে পেয়েছি। এভাবে সুস্থ থেকে দর্শকদের নাটক উপহার দিন তানিয়া বৃষ্টি।’

দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত নাটকটির নির্মাতা ইকসান রনি। তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্প সবার সামনে তুলে ধরতে চেয়েছেন তারা। মুক্তির পর অল্প সময়ের মধ্যে দর্শকদের এমন সাড়া পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।

তানিয়া বৃষ্টির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, গত বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ তানিয়ার অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর হয়ে ওঠেনি। মাসখানেক আগে আবার তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই ফোন করে কাজটি করার আগ্রহ প্রকাশ করেন।

শুটিংয়ের আগে দুই দিন তারা একসঙ্গে বসে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছেন বলেও জানান নির্মাতা। তানিয়াও অভিনয়ে ফেরার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে বলে জানান ইকসান রনি।

দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার ধকল কাটিয়ে অভিনয়ে ফিরে নতুন নাটকেই দর্শকের এমন ভালোবাসা পাওয়া তানিয়া বৃষ্টির জন্য নিঃসন্দেহে আনন্দের।