logo

নেপালের মঞ্চে নেপালি ভাষায় মামুনুর রশীদ নির্দেশিত নাটক

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
নেপালের মঞ্চে নেপালি ভাষায় মামুনুর রশীদ নির্দেশিত নাটক
মামুনুর রশীদ ও ‘আয়ো গোর্খালি’ নাটকের দৃশ্য

বাংলাদেশের মঞ্চনাটকের একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ এবার নেপালে নেপালি ভাষার নাটক নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় ‘আয়ো গোর্খালি’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয়েছে নেপালের কাঠমান্ডুর সর্বনাম থিয়েটারে। গত সোম ও মঙ্গলবার নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মামুনুর রশীদ।

নেপাল থেকে মোবাইল ফোনের আলাপে মামুনুর রশীদ বলেন, ‘এর আগে মঞ্চনাটকে অভিনয় করেছি নেপালে। এবারই প্রথম নেপালে এসে নেপালি ভাষার নাটক নির্দেশনার কাজ করেছি। এটা এক দারুণ অভিজ্ঞতা।’

নেপালি ভাষার এ নাটকটির নাট্যকার ও প্রযোজক মক চিউ ইয়ু। এতে নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা অভিনয় করেছেন।

‘আয়ো গোর্খালি’ নাটকটি গোরখালি সৈনিকদের ইতিহাস অনুসরণ করে নির্মিত একটি প্রযোজনা, যেখানে যুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা, আত্মত্যাগ এবং মানবতা, পরিচয়, বৈষম্য, ন্যায়বিচার ও শান্তির অন্বেষণের মতো বৃহত্তর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মালয়ান ইমার্জেন্সি এবং হংকং পর্যন্ত বিস্তৃত এই আখ্যান যুদ্ধকে কেবল সৈনিকদের গল্প হিসেবে উপস্থাপন করে না; বরং যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের দুর্ভোগ, পরিচয়ের সংকট এবং শান্তির সন্ধানকেও সামনে নিয়ে আসে।

ভিন্ন ভাষায় নাটক নির্দেশনার অভিজ্ঞতা প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। অসাধারণ ভালো লাগা কাজ করছে। এক মাস ধরে কাজ করেছি। আমার জীবনে নতুন ধরনের অভিজ্ঞতা এটি। যে ভাষা জানি না, সেই ভাষায় নাটক নির্দেশনা দিচ্ছি। কী যে মুগ্ধতা কাজ করছে। এটা কখনো ভুলব না।

নেপালে প্রায় এক মাস ধরে নাটকটির নির্মাণপ্রক্রিয়া সম্পন্ন শেষে প্রথম প্রদর্শনী সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে সর্বনাম থিয়েটারে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় প্রদর্শনী মঙ্গলবার একই সময়ে একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। নেপালি ভাষার পাশাপাশি নাটকটিতে একটি দৃশ্য ইংরেজি ভাষায় রয়েছে।

নাটকটি ভবিষ্যতে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন ভাষায় মঞ্চায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন মামুনুর রশীদ।