রহস্য কাটিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১৫ আসছে আজ

চ্যাপ্টার ১৪-তে রাফসান 'ছোট ভাই' ও সুনেরাহর (রাফ-সু) দুর্দান্ত উপস্থিতির পর ব্যাচেলর পয়েন্ট ভক্তদের মনে যে তুমুল কৌতূহল তৈরি হয়েছিল, আজ তার অবসান ঘটতে যাচ্ছে। দর্শকদের সব জল্পনা-কল্পনার উত্তর দিতে আজ সন্ধ্যা ৭টায় দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পাচ্ছে 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর নতুন 'চ্যাপ্টার ১৫'।
আগের চ্যাপ্টারে ব্যাচেলরদের চরম পাগলামির মাঝে রাফসান ও সুনেরাহর এন্ট্রি গল্পে এক দারুণ টুইস্ট তৈরি করেছিল। পর্বগুলোর শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল— রাফ-সু'র গল্প কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সারপ্রাইজ? "রাফ-সু'র অসম্পূর্ণ গল্প নাকি নতুন অন্য কিছু?"—এই সাসপেন্স নিয়েই দর্শকদের মাঝে চলছিল তুমুল উন্মাদনা।
দর্শকদের এই অভাবনীয় আগ্রহ আর উত্তেজনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং তাদের ভালোবাসার প্রতিদান হিসেবে এবার বঙ্গ নিয়ে এসেছে এক মেগা সারপ্রাইজ। যারা চ্যাপ্টার ১৫ প্রি-বুক করেছেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান কয়েকজন পাবেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৫'-এর কাস্ট এবং ক্রুদের সঙ্গে এক এক্সক্লুসিভ 'মিট অ্যান্ড গ্রিট'-এ অংশ নেওয়ার সুযোগ। শুধু তাই নয়, এই লাকি দর্শকদের জন্য প্রিয় তারকাদের সঙ্গে বসে স্পেশাল ডিনার করার এক সুবর্ণ সুযোগও থাকছে!
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। নির্মাতা কাজল আরেফিন অমি তার দর্শকদের নিরাশ না করে দ্রুততম সময়ের মধ্যেই নিয়ে এসেছেন গল্পের নতুন মোড়। আজ ঠিক সন্ধ্যা ৭টা বাজলেই বঙ্গ-তে উপভোগ করা যাবে চ্যাপ্টার ১৫-এর নতুন পর্বগুলো।
রাফ-সু'র গল্পের আসল টুইস্ট এবং ব্যাচেলর ফ্ল্যাটের নতুন সব অপ্রত্যাশিত ঘটনা সবার আগে উপভোগ করতে আজ সন্ধ্যা ৭টায় চোখ রাখুন বঙ্গ অ্যাপ অথবা ওয়েবসাইটে।

