‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তৌসিফের বাজিমাত

ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুবের সময়টা এখন চমৎকার যাচ্ছে। একাধারে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যাক-টু-ব্যাক কাজ দিয়ে দর্শকদের বিনোদিত করে যাচ্ছেন এই অভিনেতা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’ দিয়ে আবারও চর্চায় উঠে এসেছেন তিনি।
একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত নাটকটি ইউটিউবে প্রকাশের পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির মাত্র দুই দিনের মধ্যে নাটকটি অতিক্রম করেছে সাড়ে পাঁচ মিলিয়নের বেশি ভিউয়ের মাইলফলক। নাটকটির কমেন্ট বক্স ও সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া প্রশংসাবার্তা। তৌসিফ মাহবুবের সাবলীল অভিনয় এবং নাটকের আবেগঘন গল্প দর্শকদের মন ছুঁয়ে গেছে।
বর্তমান ব্যস্ততা ও নাটকের এ সাফল্য নিয়ে তৌসিফ মাহবুব গণমাধ্যমকে জানান, দর্শকদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়াই তাকে প্রতিনিয়ত নতুন ও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। ওটিটি ও ছোট পর্দা, দুই মাধ্যমেই মানসম্মত কাজের মাধ্যমে এই ধারা বজায় রাখতে চান তিনি।
‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তটিনী এবং নবাগত মডেল ও অভিনেত্রী নীহা চৌধুরী। মডেলিং দিয়ে পরিচিতি পেলেও অভিনয়ে এটি নীহার নতুন পথচলা।
বর্তমানে স্ত্রীকে নিয়ে সিলেটে ছুটি কাটাচ্ছেন তৌসিফ। টানা ৯০ দিন শুটিং করার পর তিন-চার দিনের বিরতি নিয়েছেন তিনি। তবে এই ছুটি শেষ করেই আবার কাজে ফিরবেন অভিনেতা। ঢাকায় ফিরে পরিচালক ভিকি জাহেদের একটি ওয়েব ফিল্মের প্রস্তুতি শুরু করবেন। আগামী ১৫ অক্টোবর থেকে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। কাজটি শেষ করতে সাত থেকে ১০ দিন লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
এরপর অক্টোবরের শেষ দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নেবেন তৌসিফ। তিন-চার দিনের শুটিংয়ে এবারের মতো সিজনের কাজ শেষ হওয়ার কথা। এরপর আবার ভিকি জাহেদের পরিচালনায় ‘চক্র ৩’-এর শুটিং শুরু করবেন তিনি। নভেম্বর থেকে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।