অভিনেতা দিলু মজুমদার আর নেই

নাট্য অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বুধবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা মামুনুর রশীদ।
জানা গেছে, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
মামুনুর রশীদ জানান, তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও তাকে বাঁচানো যায়নি।
আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। অভিনয় অঙ্গনে প্রায় তিন যুগের ক্যারিয়ারে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।
দিলু মজুমদারের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে অনুষ্ঠিত হবে। তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া দ্বিতীয় জানাজা হবে বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে।
মামুনুর রশীদ জানান, অভিনেতার ছেলে দেশের বাইরে আছে। তিনি পৌঁছালে আগামীকাল শুক্রবার (২২ মে) তাকে উত্তরাতেই দাফন করা হবে।