মিস ইউনিভার্সে মা ও মাতৃভূমির গল্প বললেন মাহি

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও মাতৃত্বের চিরন্তন বন্ধন তুলে ধরেছেন প্রতিযোগী সামিরা খান মাহি। ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে লাল-সাদা ঐতিহ্যবাহী খাদির শাড়িতে হাজির হয়ে মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।
মাহির পোশাকের নাম ‘মাদারহুড- আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। পোশাকটির ভাবনায় উঠে এসেছে মা ও সন্তানের সম্পর্ক, মাতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা এবং নিজের শিকড়ের প্রতি মানুষের চিরন্তন টান।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটির তাৎপর্য তুলে ধরেন মাহি। তিনি লেখেন, পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটিই মাতৃভূমি। বাংলাদেশের মাটি ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত এই পোশাক পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি।
পোশাকটির নকশায় প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে সারাজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। মাহির ভাষ্য, মাতৃত্বের অনুভূতি কোনো দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমানায় আটকে থাকে না। এটি পৃথিবীর সব মানুষের কাছে সমানভাবে অর্থবহ।
মাহির পরনে ছিল সাদা-লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ি। শাড়িতে লাল রঙের নান্দনিক অলংকরণের পাশাপাশি পেছনে ছিল বৃত্তাকার কাঠামো। সেখানে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়বের মাধ্যমে পোশাকটির মূল ভাবনাকে দৃশ্যমান করা হয়েছে। পুরো সাজে দেশীয় ঐতিহ্যের সঙ্গে মাতৃত্বের আবেগকে মিলিয়ে উপস্থাপন করেছেন তিনি।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে মুকুট জয়ের প্রত্যাশা নিয়ে মঞ্চে রয়েছেন সামিরা খান মাহি।


