Advertisement

‘১৪ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি শাড়ি মেরে দেওয়ার জন্য?’

এশিয়া পোস্ট বিনোদন
‘১৪ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি শাড়ি মেরে দেওয়ার জন্য?’
অভিনেত্রী তানজিন তিশা।

অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রচারণা বা মূল্য পরিশোধ না করার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে করা এই মামলায় গত ১২ জুলাই আদালত তাকে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ছোট পর্দার এই বড় তারকা।

আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এত দিন নীরব ছিলেন উল্লেখ করে তিশা অভিযোগটিকে ইঙ্গিতপূর্ণ বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালো-মন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি?’

মামলার সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘আমি যেদিন সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ-ছয় দিনের মাথায় মামলা হয়ে যায়। কেউ যখন ওপরে উঠতে চায়, পেছন থেকে টেনে ধরার কিছু মানুষ থাকে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’

নাটকের পাশাপাশি তিশা নাম লিখিয়েছেন বড় পর্দাতেও। এরইমধ্যে ওয়ান ল্যাব ফিল্মস প্রযোজিত তিশা অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ শিগগিরই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে।