আর্জেন্টিনার জয়ে ঘুচল টয়ার ‘কুফা’ তকমা

বিশ্বকাপে পছন্দের সব দল বিদায় নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে ‘কুফা’ তকমা পেয়েছিলেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তবে বুধবারের (১৫ জুলাই) মধ্যরাতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর সেই অপবাদ ঘুচেছে বলেই মনে করছেনে এই অভিনেত্রী।
ম্যাচ শেষ হতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে উচ্ছ্বাস প্রকাশ করে টয়া লিখেন, ‘আমার কুফা কেটে গেছে!!!’ এই একটি বাক্যই যেন তার দীর্ঘদিনের মজার ‘অভিশাপ’ থেকে মুক্তির ঘোষণা।
এর আগে বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেন টয়া। তিনি জানান, এবারের বিশ্বকাপে শুরু থেকেই তার সমর্থন ছিল জার্মানির প্রতি। কিন্তু রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় দলটি।
এরপর ব্রাজিলকে সমর্থন দিলেও তারাও আসর থেকে বিদায় নেয়। পরে জাপানের দিকেও ঝুঁকলেও সেখানেও ভাগ্য সহায় হয়নি টয়ার।
টানা তিনটি প্রিয় দলের বিদায়ের পর বিষয়টিকে মজার ছলেই ‘সিরিয়াস এক্সপেরিমেন্ট’ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, ‘আমি এবার আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনাও হেরে যায়, ফাইনালে উঠতে না পারে বা বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে মেনে নেব সমস্যাটা সত্যিই আমার। আর তখন ফুটবল দেখাই বন্ধ করে দেব!’
তবে আর্জেন্টিনার জয় তার সেই শঙ্কাকে ভুল প্রমাণ করেছে। ম্যাচ শেষে দেওয়া নতুন পোস্টে টয়ার উচ্ছ্বাসই জানিয়ে দিচ্ছে, অন্তত তার বিশ্বাসে ‘কুফা’ তকমার ইতি ঘটেছে।





