আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন: নিলয়

ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দি। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের পাশাপাশি অসহায় পশুপাখির প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এ ছাড়া শহর ও আশপাশের এলাকায় বারবার বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ারও দাবি তুলেছেন এ অভিনেতা।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিলয় আলমগীর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ লেখেন, বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ যেন সবাইকে এই দুর্যোগ মোকাবিলা করার শক্তি দেন। প্রাকৃতিক দুর্যোগের ওপর কারো হাত নেই। কিন্তু শহর ও শহরের আশপাশে বারবার কেন বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি মনে করেন, কেবল তাৎক্ষণিক ত্রাণ নয়, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণও জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিপদের সময় মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে নিলয় আরও লেখেন, এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। শুধু মানুষ নয়, অসহায় পশুপাখি, কুকুর, বিড়ালসহ সব প্রাণীর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। তারাও এই দুর্যোগের শিকার।




