শুটিংয়ে ক্যামেরা মুখের ওপর পড়ে আহত প্রিয়ন্তী উর্বী

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। এতে নাকে আঘাত পেয়েছেন অভিনেত্রী। নাক ফুলে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন তিনি। তবে শারীরিক অস্বস্তি নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন উর্বী।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে উর্বী জানান, হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় একটি সংলাপহীন দৃশ্যের শুটিং করছিলেন তিনি। এ সময় কয়েকজন মিলে বেডটি ঠেলে তাকে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন। শুটিং চলার মধ্যেই বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারান চিত্রগ্রাহক। এরপর ক্যামেরাসহ সরাসরি উর্বীর মুখের ওপর পড়ে যান তিনি।
ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে, এক মুহূর্তের জন্য কিছু দেখতে ও কথা বলতে পারছিলেন না অভিনেত্রী। নিজের অভিজ্ঞতা জানিয়ে উর্বী লেখেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!’
দুর্ঘটনার পরপরই হাসপাতালে যান তারা। সেখানে উর্বীর এক্স-রে করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে ওষুধ সেবন করছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, নাকে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। আঘাতের কারণে নাক ফুলেও গেছে। তবে বড় ধরনের কোনো বিপদ হয়নি ভেবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ ঘটনায় কাউকে দোষারোপ করতে চান না উর্বী। তার মতে, এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। শুটিংয়ে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছিলেন। তবে দুর্ঘটনার কারণে যে শারীরিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটিও তুলে ধরেছেন তিনি।
আঘাত পাওয়ার পরও কাজ বন্ধ রাখেননি এই অভিনেত্রী। শারীরিক অস্বস্তি নিয়েই শুটিং করছেন। দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া চেয়েছেন প্রিয়ন্তী উর্বী।