ভিন্ন তিন রূপে পর্দায় আসছেন মাহি

সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন তিনটি ভিন্ন ধরনের চরিত্র নিয়ে। এরমধ্যে দুটি মিনি সিরিজ ও একটি একক নাটকে দেখা যাবে তাকে। ইতোমধ্যে নতুন কাজগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
মাহির অভিনীত মিনি সিরিজ দুটি হলো ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্পে নির্মিত ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। অন্যদিকে, মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় নির্মিত ‘মায়ার সংসার’-এও ভিন্ন এক চরিত্রে দেখা যাবে মাহিকে।
শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিরিজ দুটি। ফলে একই সময়ে ভিন্ন দুই গল্প ও চরিত্রে মাহিকে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
এদিকে রোমান্টিক ঘরানার একটি একক নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির নাম ‘কথা দিলাম’। এতে আরশ খানের সঙ্গে জুটি বেঁধেছেন মাহি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইউটিউবে অবমুক্ত হওয়ার কথা রয়েছে নাটকটির।
সব মিলিয়ে নতুন এই তিন কনটেন্টে তিন ভিন্ন রূপে পর্দায় হাজির হচ্ছেন সামিরা খান মাহি। নতুন চরিত্রে প্রিয় অভিনেত্রীকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
সাম্প্রতিক সময়ে অভিনয়ের কাজও কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে দেখা গেছে তাকে। সাজ্জাদ সুমন পরিচালিত ওই ধারাবাহিকের শুরুর দিকের কয়েকটি পর্বে স্বল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন তিনি।


