logo
Advertisement

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’
ছবি: আয়োজকদের সৌজন্যে

ভরতনাট্যমের ধ্রুপদী সৌন্দর্য, নিখুঁত ছন্দ, মুদ্রা ও ভাব-রসের অনন্য সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’। কায়া আশ্রমের কর্ণধার অমিত চৌধুরীর পরিচালনায় এবং শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত এই নৃত্যানুষ্ঠান আগামী ১৫ সেপ্টেম্ব মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে।

ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ নৃত্য ধারা ভরতনাট্যম। নৃত্য, সংগীত, তাল, মুদ্রা ও অভিনয়ের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পরীতি শুধু নান্দনিকতার প্রকাশ নয়; এর মধ্য দিয়ে ফুটে ওঠে পৌরাণিক ঐতিহ্য, আধ্যাত্মিকতা, রসবোধ ও মানবিক অনুভূতির বহুমাত্রিক প্রকাশ।

‘অনুরণন’-এ ভরতনাট্যমের সেই বহুমাত্রিক সৌন্দর্য ও ভাবের জগৎ দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস থাকবে। ছন্দের মূর্ছনা, দেহভঙ্গির শৈল্পিকতা এবং অভিব্যক্তির গভীরতায় নৃত্যশিল্পীরা নির্মাণ করবেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।

অমিত চৌধুরী বলেন, ‘সমকালীন সময়ে শাস্ত্রীয় নৃত্যচর্চা ও এর নান্দনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘অনুরণন’ সেই ধারাবাহিকতায় একটি অর্থবহ সাংস্কৃতিক উদ্যোগ।’

নৃত্য ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আয়োজকদের পক্ষ থেকে সকলকে এই বিশেষ নৃত্যসন্ধ্যায় উপস্থিত থেকে ভরতনাট্যমের সৌন্দর্য ও শৈল্পিকতার সঙ্গে একাত্ম হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।