logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান

যে সংবাদে ব্যথিত হয়েছিলেন সোহেল খান
অভিনেতা সোহেল খান। ছবি: সংগৃহীত

আজ ২৪ নভেম্বর সকালে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ, অভিনেতা সোহেল খান। মৃত্যুর আগে দেওয়া তার একটি সাক্ষাৎকারে উঠে আসা জীবনের নানা টানাপোড়েন, শোবিজের বাস্তবতা নতুন করে আলোচনায় এসেছে।

নিজের কাজ ও আর্থিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজবে ব্যথিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সোহেল খান। তিনি প্রশ্ন তুলেছিলেন, কে বলেছে তার কাজ নেই? তিনি জানিয়েছিলেন যে নিয়মিতই অভিনয় করছেন।

Advertisement

শোবিজের সামগ্রিক মন্দাভাবের পেছনে ভালো গল্পের অভাব, প্রযোজকদের এগিয়ে না আসা এবং চ্যানেলগুলোর সতর্ক অবস্থানের কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে নিজের ব্যক্তিজীবন নিয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ডাল-ভাত খেয়েও তিনি ভালো আছেন। তার ভাষ্য অনুযায়ী, নিজের ও ছেলের দৈনিক খরচ এবং সংসার মিলিয়ে মাসে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়, যা তিনি নিজের পরিশ্রমেই সামলান। কারও কাছে হাত পাতার মানসিকতা তার ছিল না।

পৈতৃক সম্পত্তি প্রসঙ্গে তিনি বলেছিলেন, বাবা কিছু রেখে যাননি—এমন কথা ঠিক নয়; পৈতৃক সম্পত্তি এখনও বণ্টন হয়নি, তা রয়েছে। তবে আমেরিকায় থাকা দুই বোন যখন ইন্টারনেটে ভুয়া খবর দেখে কান্নাকাটি করে ফোন দিতেন যে ভাই না খেয়ে আছে বা চিকিৎসার টাকা পাচ্ছে না, তখন বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে মনে করতেন তিনি। বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সরাসরি যোগাযোগ করে ক্যামেরা নিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন সোহেল খান।

সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি ও টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেতা। সংসারের দৈনন্দিন চাহিদা ও অভিযোগ প্রসঙ্গে তার আক্ষেপ ছিল, ঘরে বাজার না থাকলে ডাল ও আলু ভর্তা দিয়েই তিনি সন্তুষ্ট থাকতে পারেন, কিন্তু খাবারের সময় অনীহা বা অসন্তোষ প্রকাশ করলে সম্পর্ক তিক্ত হয়।

ভালোবাসা ও সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে তিনি হযরত আলী ও মা ফাতেমার প্রসঙ্গ টেনে এনেছিলেন—যেখানে শক্তির চেয়ে ভালোবাসা ও আত্মিক টান বড় হয়ে ওঠে। আজকের স্বামী-স্ত্রীর সম্পর্কে সেই গভীরতা ও শ্রদ্ধাবোধের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। নিজের কথা কাউকে উদ্দেশ্য করে নয়, বরং নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকেই বলেছিলেন বলে স্পষ্ট করেছিলেন অভিনেতা। সেই সঙ্গে স্মরণ করেছিলেন বাবা-মা ও দাদা-দাদির সময়ের সহজ-সরল ও ভালোবাসাপূর্ণ পারিবারিক আবহের কথা।

টেলিভিশন নাটকের পাশাপাশি বড় পর্দায়ও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ফোর টুয়েন্টি (৪২০)’, ‘ফু’, ‘ভালোবাসার যৌথ খামার’ এবং ‘দাঁড়ি ছাড়া মাঝি’ ইত্যাদিসহ অসংখ্য কালজয়ী কাজ।

ছোট পর্দার পাশাপাশি বড় পার্দাতেও তিনি অভিনয়ে করেছেন দাপটের সঙ্গে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ , ‘দারুচিনি দ্বীপ’ , ‘বউয়ের জ্বালা’ , ‘খোঁজ: দ্য সার্চ’ , ‘প্রজাপতি’ , ‘কমন জেন্ডার’ , ‘লাল টিপ’ , ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ , ‘অনেক সাধের ময়না’ , ‘দেশা: দ্য লিডার’ , ‘পরবাসিনী’ , ‘বীর’ , ‘কেমনে কী!’ ও ‘শান’ ।

সোহেল খান বগুড়ার মমইনে শুটিং করতে এসে হৃদরোগের কারণে ইন্তেকাল করেন। তিনি নসীব সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন। তার মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।