নাট্যকার তানিন রহমান আর নেই

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন। বুধবার তার কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছিল। এরপর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই নাট্যকার।
সামাজিকমাধ্যমে তানিন রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। ফেসবুক বার্তায় তিনি জানান, ‘সবার প্রিয় তানিন রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এক দশকেরও বেশি সময় ধরে নাটক লেখার সঙ্গে যুক্ত ছিলেন তানিন রহমান। ‘নিয়তি’, ‘মেঘের গল্প, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘ভালোবাসার ফানুশ’, ‘উৎসর্গ’সহ তার লেখা বহু নাটকে অভিনয় করেছেন শোবিজের বেশির ভাগ তারকা।


