জাপান্টিনা মন খারাপ করো না: হিমি

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলকে ঘিরে বিনোদন অঙ্গনের তারকাদের উচ্ছ্বাস, সমর্থন ও আবেগে ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত আলাপচারিতা। ব্রাজিলের কট্টর সমর্থক জান্নাতুল সুমাইয়া হিমি বিশ্বকাপের শুরু থেকেই সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন। সোমবার (২৯ জুন) প্রিয় দলের জয়ে আবারও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে। জাপানের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল হিমির প্রিয় দল ব্রাজিল।
জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর হিমির সেই উন্মাদনা আরও দ্বিগুণ হয়ে উঠেছে। সুযোগ পেয়েই তার সহ-অভিনেতা ও বন্ধু নিলয় আলমগীরকে খোঁচা মেরে ফেসবুক পোস্ট করলেন জান্নাতুল সুমাইয়া হিমি। নিলয় নিজে কট্টর আর্জেন্টিনা ও মেসি ভক্ত হওয়ায়, এর আগে হিমিকে ব্রাজিল নিয়ে ট্রল করতে ছাড়েননি। এবার যেন সেই ট্রলেরই মধুর প্রতিশোধ নিলেন হিমি।
ফেসবুকে তার ও অভিনেতার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হিমি লিখেছেন, ‘উস্তাদের মার শেষ রাতে। জাপান্টিনা মন খারাপ করো না।’
অন্যদিকে নিলয় সোমবার রাতে নিজের ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ব্রাজিলের জয় হোক কারণ সেমিফাইনালে আর্জেন্টিনার তো একটা সহজ প্রতিপক্ষ দরকার তাই না?’ পর্দার মতো বাস্তব জীবনেও এই দুই তারকার এমন খুনসুটি এখন নেটিজেনদের নজর কাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি হিমি জানান, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্ট করি। তখন খেলা অতটা বুঝতাম না। তখন দেখতাম ভাইয়া আর বাবা ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল তারকা কাকার প্রতি আমারও মুগ্ধতা ছিল। সব মিলিয়ে ব্রাজিল সাপোর্ট করি।’





