একটি শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়: তানজিন তিশা

একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে—এটি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তানজিন তিশার জামিন মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ির জন্য বলা হচ্ছে, আমি নাকি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।’
মামলাটিকে কেন্দ্র করে হুমকি পাওয়ার অভিযোগও করেন তানজিন তিশা। তার ভাষ্য, ‘যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতার দাপট দেখিয়ে আমার সঙ্গে এমনটা করা হয়েছে। শুধু তাই নয়, আমাকে অনেক ধরনের হুমকিও দেওয়া হয়েছে, যেগুলো আমি প্রমাণসহ সামনে প্রকাশ করব।’
মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। বাদীপক্ষের দাবি, শাড়িটির প্রচার চালানো এবং মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন অভিনেত্রী। পরে তিনি তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় শাড়িটির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, এ বিষয়ে তাকে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা দায়ের করা হয়।
তবে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। তাই এর মূল্য পরিশোধের প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।
আদালতের নির্দেশে মামলাটির তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। সমনে তাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সমনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী চলবে।


