উড়ছেন প্রভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। আগের মতো অভিনয়ে এখন আর নিয়মিত দেখা যায় না তাকে। স্ক্রিপ্ট বেছে, ভালো গল্প ও মনের মতো চরিত্র পেলেই কেবল ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তবে লাইমলাইট থেকে কিছুটা দূরে থাকলেও নিজের মতো করে জীবনকে দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে উঁকি দিলেই মিলবে এর প্রমাণ।
অভিনয়ের পাশাপাশি প্রভা বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। আর করপোরেট জীবনের ব্যস্ততার ফাঁকে ছুটি মিললেই তিনি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। ঘোরার জন্য তার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নেপাল, মালদ্বীপ ও থাইল্যান্ড। সুযোগ পেলেই দেশ দুটির প্রকৃতির বুকে ছুটে যান তিনি।
ভ্রমণবিলাসী প্রভা সম্প্রতি গিয়েছেন নেপালের নয়নাভিরাম শহর পোখারায়। সেখানকার চমৎকার কিছু মুহূর্ত নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
শেয়ার করা একটি ভিডিওতে প্রভাকে আকাশছোঁয়া পাহাড় আর মেঘের মাঝে প্যারা-সাইক্লিং করতে দেখা যায়। রোমাঞ্চকর এই অভিজ্ঞতার ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে একটি ঈগলের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে ক্যাপশনে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং পোখারার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নিজের মুগ্ধতার কথাও প্রকাশ করেছেন এই তারকা।