আরেক জনপ্রিয় সিরিজে দেখা যাবে ‘বামসি’ খ্যাত নুরেত্তিন সোনমেজকে

তুর্কি ঐতিহাসিক মেগা ড্রামা ‘দিরিলিস আর্তুগ্রুল’-এ ‘বামসি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নুরেত্তিন সোনমেজকে এবার দেখা যাবে আরেক জনপ্রিয় সিরিজ ‘মেহমেদ ফেতিহলার সুলতানি’র নতুন মৌসুমে। নতুন এই মৌসুমকে ঘিরে ইতোমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।
টিআরটি ওয়ানের বহুল আলোচিত মেগা ধারাবাহিক ‘মেহমেদ ফেতিহলার সুলতানি’ নির্মিত হচ্ছে মিরায় ইয়াপিমের ব্যানারে। এই পিরিয়ড ড্রামার শিল্পী ও কুশলীরা আগামী ২৪ আগস্ট চিত্রনাট্য পাঠের (রিডিং সেশন) জন্য একত্রিত হবেন। এরপর ২৭ আগস্ট সম্পন্ন হবে অফিসিয়াল পোস্টার শুটের কাজ এবং ২৯ আগস্ট থেকে মূল পর্বের দৃশ্যধারণ বা শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
সিরিজটির নতুন মৌসুমকে জমজমাট করতে বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি করেছে প্রযোজনা সংস্থা। এই ধারাবাহিকতায় সর্বশেষ চমক হিসেবে যুক্ত হয়েছেন তুরস্কের প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা নুরেত্তিন সোনমেজ।
তুর্কি পিরিয়ড ড্রামার পরিচিত মুখ নুরেত্তিন সোনমেজকে সিরিজের চতুর্থ মৌসুমে ‘আলপাগুত তোরে বে’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি এতে তুর্কমেন বিশ্বের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং আক্কোয়ুনলু রাজ্যের অন্যতম প্রধান সেনাপতির চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন।
উল্লেখ্য, ‘দিরিলিস আর্তুগ্রুল’ সিরিজে নুরেত্তিন সোনমেজের পারফর্ম্যান্স ছিল এক কথায় অনন্য ও অবিস্মরণীয়। পুরো সিরিজজুড়ে তিনি আর্তুগ্রুল গাজীর অন্যতম বিশ্বস্ত ও সাহসী যুদ্ধসঙ্গী ‘বামসি আল্প’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে নেন।
বামসি আল্প চরিত্রের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার যুদ্ধকৌশল। সাধারণ যোদ্ধাদের মতো এক তলোয়ারে নয়, বরং দুই হাতে দুটি তলোয়ার চালিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতেন তিনি। নুরেত্তিন সোনমেজ তার সুঠাম শারীরিক গঠন ও জীবন্ত অভিনয় দিয়ে সেই অ্যাকশন দৃশ্যগুলোকে পর্দায় এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন, যা দর্শকদের মনে নতুন রোমাঞ্চের সৃষ্টি করত।



