আমি একটি বৃদ্ধাশ্রম করতে চাই: পিয়া

মানুষের জন্য জীবনে দুটি কাজ করতে চান আইনজীবী, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। যে কাজগুলো তার আত্মাকে শান্তি দেবে, আর যার মাধ্যমে উপকৃত হবেন সমাজের অসহায় নারীরা—যাঁরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবার বা কর্মস্থলে নির্যাতনের শিকার হয়ে থাকেন। তাদের জন্য একটি আশ্রয়স্থল এবং প্রবীণদের জন্য একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে চান এই মডেল।
পিয়া সবসময় সমাজের নানা অসংগতি নিয়ে কথা বলে থাকেন। বিশেষ করে নারীদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সবসময় সরব তিনি। কোনো নারী বা শিশুর সঙ্গে যখনই কোনো অন্যায় হয়, প্রতিবাদ করেন পিয়া। সেই সচেতনতার জায়গা থেকেই এই মডেল গৃহস্থালি নির্যাতনের (ডমেস্টিক ভায়োলেন্স) শিকার হওয়া নারী ও শিশুদের জন্য একটি সেল্টার (আশ্রয়কেন্দ্র) গড়ে তুলতে চান।
পিয়া বলেন, ‘আমি এখন থেকেই মানুষের জন্য দুটি কাজ করতে চাই। এর মধ্যে একটি বৃদ্ধাশ্রম এবং অন্যটি নির্যাতিত নারী ও শিশুদের জন্য সেল্টার। এই মানুষগুলোর জন্য কিছু করতে পারা অত্যন্ত তৃপ্তির। কারণ, জীবনের একটি নির্দিষ্ট সময়ে এসে তারা নিজেদের সব ধরনের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেন। সেসময় তাদের পাশে থাকা খুবই জরুরি। তাই আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই।’
নিজের এই ইচ্ছার বিষয়টি পিয়া এশিয়া পোস্টের ‘এপি স্টার’ অনুষ্ঠানে এসে ব্যক্ত করেন। এ সময় তিনি নিজের কর্মব্যস্ততা নিয়েও কথা বলেন।

