পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’ দেখে আবেগাপ্লুত দর্শক

পাকিস্তানি সিরিজ প্রেমীদের এখন পছন্দের শীর্ষে রয়েছে জনপ্রিয় তারকা দুর-ই-ফিশান সেলিম, নামির খান ও শেহেরিয়ার মুনাওয়ার অভিনীত ধারাবাহিক ‘দার-ই-নিজাত’। শুরুর দিকে নানা কারণে বিতর্কিত হলেও সিরিজটির ১৯তম পর্ব প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছেন দুর-ই-ফিশান। জারিয়াব চরিত্রে তার অসাধারণ অভিনয়ে আবেগাপ্লুত দর্শক।
এআরওয়াই ডিজিটালের এই সরিজে জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির খান, জারিয়াব চরিত্রে দুরেফিশান এবং আবু বকরের ভূমিকায় দেখা গেছে শেহেরিয়ার মুনাওয়ারকে। সিরিজের সাম্প্রতিক গল্পে দেখা যায়, জামিলের ওপর ক্ষোভ থেকেই আবু বকরকে বিয়ে করতে রাজি হন জারিয়াব। তবে জামিল তা বুঝতে পেরে বিয়ে ভাঙার নানা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জারিয়াব ও আবু বকরের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর সাবেক প্রেমিক জামিলের আসল রূপ প্রকাশ্যে এলে মানসিকভাবে ভেঙে পড়েন জারিয়াব। একপর্যায়ে আবু বকরের কাছে জামিলের ফোন রেকর্ড শোনার পর জারিয়াবের ভুল ভাঙে। সে বুঝতে পারে, সাবেক প্রেমিক তাকে কখনো বিয়ে করতে চায়নি, বরং আবু বকরের সঙ্গে তার বিয়ে ভাঙতেই নানা ষড়যন্ত্র করেছিল। এরপরই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে চিৎকার করে ওঠে সে। মূলত পুরোনো সম্পর্কের বিচ্ছেদ এবং নতুন সম্পর্কে নিজেকে মানিয়ে নেওয়ার এই টানাপোড়েনই নাটকটির মূল আকর্ষণ।
ধারাবাহিকটিতে যেন জারিয়াবকে বাস্তবভাবেই ফুটিয়ে তুলেছেন দুরেফিশান। এ পর্বে তার অভিনয় দশর্ক হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্য করছেন সিরিজটির ভক্ত-অনুরাগীরা। তবে দর্শক মহলে শুধু প্রেমের বিচ্ছেদ নয়, বরং ধর্ম, বিয়ে ও সম্পর্কের গুরুদায়িত্বের মতো গভীর বার্তা ফুটিয়ে তোলার কারণেই নাটকটি পেয়েছে ভিন্ন মাত্রা।