ব্যাচেলর পয়েন্টে আ খ ম হাসান

একের পর এক নতুন চরিত্র আর চমকে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। নেহাল, আরেফিনদের ফেরার পর এবার জনপ্রিয় এই সিরিজে যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান। নতুন এই চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশ পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্ব বা চ্যাপ্টার ১৫। এই পর্বেই নতুন চরিত্রে হাজির হয়েছেন আ খ ম হাসান। প্রকাশিত পোস্টারে অভিনেতার ভিন্নধর্মী লুকও নজর কেড়েছে দর্শকদের।
পর্বটির বর্ণনা অনুযায়ী, একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে হাজির হয় ব্যাচেলর ফ্ল্যাটে। এমন পরিস্থিতির মধ্যেই গল্পে প্রবেশ ঘটে ‘ইংলিশ লেবু’ চরিত্রের। একই পর্বে ‘কাজী ভাই’ নামে আরও একটি নতুন চরিত্র দেখা গেছে। এতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু।
নতুন দুই চরিত্রের আগমনে ব্যাচেলর ফ্ল্যাটের চেনা গল্পে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়েই এখন দর্শকদের কৌতূহল। বিশেষ করে আ খ ম হাসানের ‘ইংলিশ লেবু’ চরিত্রটি সামনে কীভাবে গল্পের সঙ্গে যুক্ত হয়, সেটিও দেখার অপেক্ষায় ভক্তরা।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়া রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, সুনেরাহ বিনতে কামাল, রাফসানসহ আরও অনেকে।
সিরিজটির পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও আছেন কাজল আরেফিন অমি।

