logo

শিল্পীদের জন্য বৃদ্ধাশ্রম করব : কাজী উজ্জ্বল

শিল্পীদের জন্য বৃদ্ধাশ্রম করব : কাজী উজ্জ্বল
কাজী উজ্জ্বল। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রবীণ অভিনেতা কাজী উজ্জ্বল। অসুস্থতার কারণে অনেকটা গৃহবন্দি জীবন কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। তবে গত এক বছর ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এমনকি কথা বলার সময়ও শ্বাস নিতে কষ্ট হয় বলে জানিয়েছেন এই অভিনেতা।

অসুস্থতার মধ্যেও নিজের সহশিল্পী ও বন্ধুদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কাজী উজ্জ্বল। শিল্পীদের জীবনের শেষ বয়সটা যেন কষ্টে না কাটে, সে জন্য নিজের জমিতে একটি আবাসনস্থল গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছেন তিনি।

এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজী উজ্জ্বল বলেন, ‘উত্তরায় আমার ২ বিঘা জমি আছে। ওই জমিতে আমি আমার শিল্পীদের জন্য বৃদ্ধ বয়সের আবাসনস্থল (বৃদ্ধাশ্রম) করব। অন্তত বুড়ো বয়সে যেন কষ্ট করে ভাত খেতে না হয়। আমার বন্ধু-বান্ধব, সহশিল্পী সবার জন্য আমার এতটুকুই চাওয়া।’

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে নিয়মিত কাজ থেকে অনেকটাই দূরে রয়েছেন এই অভিনেতা। নিজের জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও সহশিল্পীদের ভবিষ্যৎ নিয়ে তার এমন ভাবনা শিল্পীদের প্রতি তার দায়বদ্ধতার কথাই তুলে ধরে। কাজী উজ্জ্বলের প্রত্যাশা, জীবনের শেষ সময়ে কোনো শিল্পীকেই যেন অর্থকষ্ট কিংবা আবাসন সংকটে পড়তে না হয়।

কাজী উজ্জ্বল একসময় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। তবে অভিনয়ের টানে আশির দশকে চাকরি ছেড়ে দেন। ১৯৮৫ সালে মামুনুর রশীদের হাত ধরে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি।

নব্বইয়ের দশকের শুরুতে মামুনুর রশীদের সঙ্গে প্রোডাকশনে কাজ শুরু করেন। সে সময় বিটিভির জন্য ‘সুপ্রভাত ঢাকা’ নাটক নির্মাণ করেন। এতে অভিনয়ের মাধ্যমে প্রথম দর্শকদের নজরে আসেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ছয়শ নাটকে কাজ করেছেন কাজী উজ্জ্বল। আবদুল্লাহ আল মামুনের ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এখন পর্যন্ত প্রায় ১৫টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।