logo
Advertisement

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা

এশিয়া পোস্ট বিনোদন
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা
সাদিয়া জাহান প্রভা। ছবি: ফেসবুক থেকে

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সি এক যুবককে গোপনে বিয়ে করেছেন এমন দাবির পাশাপাশি আলোচনায় আসে চুক্তিভিত্তিক বিয়ের কথাও। এবার এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন প্রভা। জানিয়েছেন, তাকে ঘিরে ছড়ানো সব তথ্যই ভিত্তিহীন।

Advertisement

সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রভা স্পষ্ট করে বলেন, তিনি আবার বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কেও তিনি আবদ্ধ হননি।

প্রভা লিখেছেন, ‘আমি আবার বিয়ে করিনি! আমি কখনও চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে কথাগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

মূলত গত এপ্রিল মাসে প্রভার প্রকাশ করা কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল তৈরি হয়। সে সময় আংটি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী। পরে হাতে ফুল ও আংটি থাকা আরেকটি ছবি প্রকাশ করলে নেটিজেনদের মধ্যে তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। একপর্যায়ে সেই আলোচনা গুঞ্জনে রূপ নেয়।

গত সপ্তাহে সামাজিকমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেছেন প্রভা। এরপর সেই দাবির সঙ্গে যুক্ত হয় চুক্তিভিত্তিক বিয়ের প্রসঙ্গ। তবে এসব তথ্যের কোনোটিই সত্য নয় বলে এবার নিজেই পরিষ্কার করেছেন অভিনেত্রী।

শুধু গুঞ্জন ছড়ানো নিয়েই নয়, এ ধরনের তথ্য যাচাই না করে প্রকাশের বিষয়েও ক্ষোভ জানিয়েছেন প্রভা। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে একজনকে ভয়ংকর মানুষ হিসেবে যেমন তুলে ধরা যায়, তেমনি চমৎকার মানুষ হিসেবেও উপস্থাপন করা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

প্রভা আরও লিখেছেন, ‘কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কথা প্রকাশ করার আগে, অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। অনুগ্রহ করে বিশ্বাসযোগ্য প্রমাণ দিন। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলুন।’

এদিকে ভক্তদেরও বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য জানতে নিজের ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রভার এই বক্তব্যের পর তার বিয়ে নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের অবসান ঘটল। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার বিষয়টিও সামনে আনলেন এই অভিনেত্রী।

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন প্রভা