ফের ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পাভেল?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বজরা বাজারের জাকির খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। কয়েক দিন আগে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাভেলের প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে এবং কিছু অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন পাভেল। তখন তিনি দাবি করেন, ভিডিও কলে থাকা নারী তার একজন বান্ধবী। তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলেও জানান তিনি। তবে ওই নারীর পরিচয় বা তিনি শোবিজ অঙ্গনের কেউ কি না, সে বিষয়ে কোনো তথ্য দেননি অভিনেতা।
এর মধ্যেই নতুন করে প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হচ্ছে। সেখানে পাভেলের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হলেও ভিডিওটির সত্যতা, এটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে এসব বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নতুন ভিডিওটি নিয়ে পাভেলের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে পাভেলকে ঘিরে ভিডিও বিতর্কের মধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকেও তার বাদ পড়ার গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্র হিসেবে নির্মাতা কাজল আরেফিন অমির একটি ফেসবুক পোস্টের কথা সামনে এসেছে। সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন অমি। সেখানে নিয়মিত কয়েকজন অভিনয়শিল্পীর নাম থাকলেও পাভেলের নাম দেখা যায়নি।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, সাম্প্রতিক বিতর্কের কারণে ধারাবাহিকটি থেকে পাভেলকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করেননি নির্মাতা কাজল আরেফিন অমি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। প্রতিযোগিতায় রানারআপ নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে স্টেজ শো ও অভিনয়ে যুক্ত হন তিনি।
নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দর্শকদের কাছে ‘জাকির হোসেন নেইমার’ নামেও পরিচিতি পাওয়া এই চরিত্র তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। এরপর অমির ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।

