logo
Advertisement

জীবনের ভুল-উপলব্ধির গল্পে ‘অনুতাপ’

জীবনের ভুল-উপলব্ধির গল্পে ‘অনুতাপ’
‘অনুতাপ’ নাটকের শুটিং এর দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

মানুষ ভুল করে, আবার সেই ভুলই কখনো কখনো তাকে নতুন করে চিনতে শেখায়। জীবনের এমন ভুল, উপলব্ধি আর সঠিক পথে ফেরার গল্প নিয়েই নির্মিত হচ্ছে নতুন নাটক ‘অনুতাপ’। ইসলামিক ভাবধারার গল্পে নির্মিত নাটকটিতে মানবজীবনের মূল্যবোধ ও আত্মোপলব্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

রাজধানীর উত্তরার লাবণ্য শুটিং হাউজে চলছে ‘অনুতাপ’-এর দৃশ্যধারণ। শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নাটকের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। নাটকটির আরেকটি বিশেষ দিক হলো, এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও নিয়েছেন অভিনেতা শিমুল খান। দীর্ঘ বিরতির পর নাটকে ফিরেই নতুন এই দায়িত্ব নিয়েছেন তিনি।

‘অনুতাপ’-এর গল্পে উঠে আসবে মানুষের জীবনের নানা ভুল এবং সেই ভুলের কারণে তৈরি হওয়া সংকট। তবে গল্পের মূল সুর শুধুই ভুলের পরিণতি নয়; বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন এবং সঠিক পথে ফিরে আসার চেষ্টা।

নির্মাতা ও অভিনেতা শিমুল খান এশিয়া পোস্টকে বলেন, ‘দীর্ঘদিন পর আবারও নাটক করছি এবং নিজেই ডিরেকশন দিচ্ছি। যুদ্ধে নামার আগে পুকুরে সাঁতার কেটে নিই।’

নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন আব্দুল্লাহ আল রানা। তাকে দেখা যাবে চেয়ারম্যান চরিত্রে। গল্পের গুরুত্বপূর্ণ বাঁকগুলোতে তার চরিত্রের উপস্থিতি বিশেষ ভূমিকা রাখবে।

অন্যদিকে পিয়ন চরিত্রে অভিনয় করছেন বাদল। তার চরিত্রের মধ্য দিয়েও নাটকের গল্পে যুক্ত হয়েছে ভিন্নমাত্রা। শুটিং সেটে নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা।

নাটকের নায়িকা চরিত্রে রয়েছেন অতশী। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়নাল জ্যাকি, বাসার বাপ্পিসহ আরও অনেকে।

ইসলামিক মূল্যবোধ, মানবিকতা ও আত্মশুদ্ধির বার্তার সঙ্গে পারিবারিক ও সামাজিক বাস্তবতাকে মিলিয়ে এগিয়েছে ‘অনুতাপ’-এর গল্প। এখানে দর্শক শুধু একটি গল্প দেখবেন না, বরং নিজের জীবনের কিছু ভুল ও সিদ্ধান্ত নিয়েও ভাবার সুযোগ পাবেন। ভুল মানুষের জীবনের অংশ। কিন্তু ভুল বুঝতে পারা এবং সেই ভুল থেকে ফিরে আসার চেষ্টাই একজন মানুষকে বদলে দিতে পারে এই বার্তাই ‘অনুতাপ’-এর মূল ভাবনা।