‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

নরওয়ের কাছে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। দলটির আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বের কোটি কোটি দর্শক। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো এই বড় ধাক্কা ছুঁয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে। তিনি ব্রাজিলের বিদায়ে হতাশ হলেও দলের প্রতি নিজের আজীবন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিকে যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার (৬ জুলাই) ভোর ৫টা ১১ মিনিটে এক আবেগঘন পোস্ট দেন তটিনী। ব্রাজিলের জার্সি পরা এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সবসময় আমি আমার দলের সঙ্গেই থাকব।’
ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা গেছে অভিনেত্রীকে। তিনি নিজের পোস্টের কমেন্ট বক্সেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের মন খারাপের বিষয়টি ফুটিয়ে তুলেছেন।
এর আগে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটা ব্রাজিল শুরু করেছিল বড় প্রত্যাশা নিয়ে। সামনে ছিল শেষ আটে ওঠার সুযোগ, নরওয়ের বিপক্ষে প্রথম জয় পাওয়ার সুযোগ, ২০০২ সালের পর বিশ্বকাপ নকআউটে ইউরোপীয় দলের বিপক্ষে না জেতার অস্বস্তি কাটানোর সুযোগ। কিন্তু সব হিসাব শেষ পর্যন্ত ভেঙে দিলেন হালান্ড।





