প্রায় ৮ কোটি ভোট পেয়ে আবেগাপ্লুত মাহি

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড শেষে দেশের মানুষের অভাবনীয় সমর্থন ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের সমর্থন তাকে নতুন করে সাহস জুগিয়েছে।
ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ছেন বাংলাদেশের প্রতিনিধি মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। তার আগে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
পোস্টে মাহি লিখেছেন, প্রিলিমিনারি রাউন্ড শেষে বাংলাদেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন ভাষায় প্রকাশ করার মতো নয়। দেশের হাজার মাইল দূরে থেকেও প্রতিটি মুহূর্তে তিনি সেই ভালোবাসা অনুভব করছেন।
প্রায় ৮ কোটি ভোটের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, এই সমর্থন শুধু একটি সংখ্যা নয়, বরং তার প্রতি দেশের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সম্মিলিত আবেগের প্রতিফলন। মানুষের ভোট দেওয়ার আগ্রহ, বার্তা ও দোয়া তাকে আবেগাপ্লুত করেছে।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নিজেকে একা মনে হচ্ছে না বলেও জানান মাহি। তার ভাষায়, এই যাত্রায় তিনি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন, তার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। মানুষের সমর্থন তাকে আরও সাহসী করে তুলেছে।
দেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার মর্যাদা রাখতে চান এই সুন্দরী। তিনি লিখেছেন, তাকে নিয়ে দেশের মানুষ কতটা স্বপ্ন দেখছেন, তা তিনি জানেন। সেই ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে চান। পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’
এদিকে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে ভক্ত ও সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন, প্রতিযোগিতার ভোটিং অ্যাপের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাকে ভোট দেওয়া যাবে।
ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ভোট বিভাগে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে বিনামূল্যে ভোট দেওয়া যাবে। বিনামূল্যের ভোটের পাশাপাশি চাইলে অর্থের বিনিময়েও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া অ্যাপের বিভিন্ন খেলায় অংশ নিয়ে পয়েন্ট অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রতিযোগীকে সমর্থন জানানো যাবে।
নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন মাহি। বাংলাদেশের মানুষের সম্মিলিত সমর্থন তাকে প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে পারে বলে মনে করছেন তিনি।
এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার পথটিও মাহির জন্য বেশ আকস্মিক ছিল। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। এর পরদিনই, ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে দেশ ছাড়েন। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় পেয়েছেন মাত্র এক দিন।
প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে আগের বিজয়ী তানজিয়া জামান মিথিলার কাছ থেকে বিভিন্ন পরামর্শ পেয়েছেন মাহি। পোশাক, সাজসজ্জা ও প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজেকে উপস্থাপনের বিষয়ে সহযোগিতা করেছেন মিথিলা। এবারের আসরে অংশ নিতে প্রায় ৩৫টি পোশাক সঙ্গে নিয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে বেশ সতর্ক মাহি। বিভিন্ন দেশের অভিজ্ঞ ও দক্ষ প্রতিযোগীদের সঙ্গে লড়াইকে কঠিন মনে করছেন তিনি। তবে নিজের পারফরম্যান্স নিয়ে আশাবাদী। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগটিকে বড় অর্জন হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। শেষ মুহূর্তে বাংলাদেশের মানুষের ভালোবাসা, ভোট ও সমর্থন মাহির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
