logo

শেষ হচ্ছে কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’

শেষ হচ্ছে কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’
শেষ হচ্ছে বৈশাখী টিভির কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। ছবি: পরিচালকের সৌজন্যে

শেষ হচ্ছে বৈশাখী টিভির কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’। নাটকটির শেষ পর্ব প্রচার হবে সোমবার (২ নভেম্বর) রাত ৮.৪০ মিনিটে। পরিবারের সব দ্বন্দ্বেরও অবসান হবে এই পর্বের মাধ্যমে।

মহিন খানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ,আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ- জোহরা, সাব্বির অর্নব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জাসহ অনেকেই।

কমেডিনির্ভর এ নাটকের গল্পে দেখা যাবে ব্যবসায়ী বাশার সাহেবের দিনকাল মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ গ্রাম থেকে কুদ্দুস তার মা জামেলা তার বোন রাবেয়াকে নিয়ে বাশার সাহেবের বাড়িতে উঠে। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে হিসেবে দাবি করে, কুদ্দুসের মা নিজেকে বাশার সাহেবর স্ত্রী হিসেবে দাবি করে। বাশার সাহেবের সম্পত্তির ভাগের জন্যই তারা এখানে এসেছে বলে জানিয়ে দেয়। এ কথা জানার পর বাড়ির মধ্যে কেয়ামত শুরু হয়ে যায়। যাকে বলে গৃহযুদ্ধ। এ নিয়েই নানা সমস্যা লেগেই থাকে। সব সমস্যারই সমাধান হচ্ছে নাটকের এ পর্বের মাধ্যমে।

পরিচালক মহিন খান বলেন, নানা হাস্যরস, মান-অভিমান আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে চলা ‘গৃহযুদ্ধ’ নাটকে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করেছি কতটুকু পেরেছি তা তারাই ভালো বলতে পারবেন। তবে আমি চেষ্টার কোনো কমতি করিনি।