logo

বিমানযাত্রায় বিড়ম্বনা, রসিকতার ছলে ক্ষোভ জানালেন ইরফান সাজ্জাদ

বিমানযাত্রায় বিড়ম্বনা, রসিকতার ছলে ক্ষোভ জানালেন ইরফান সাজ্জাদ
ইরফান সাজ্জাদ। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

বিমানযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানে ওঠার পর ককপিটে কাজ চলতে দেখা এবং পরে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

পোস্টে ইরফান সাজ্জাদ জানান, বিমানে ওঠার পরই ককপিটে কাজ চলতে দেখেন তিনি। তখনই পরিস্থিতি নিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়। পরে কোনো সদুত্তর না দিয়েই যাত্রীদের আবার বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মজার আবহের সংগীত ব্যবহার করে নিজের ভোগান্তির কথা তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

ইরফান সাজ্জাদের পোস্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে। ক্ষোভ প্রকাশ করতে গিয়ে রসিকতার ছলে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইনস’ বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেতার পোস্টের পর মন্তব্যের ঘরে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন অনেকে। তাদের কেউ কেউ বিমানযাত্রায় ভোগান্তি এবং দেশের বিমানসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে ঠিক কখন, কোন রুটে এবং কী কারণে উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে ইরফান সাজ্জাদের পোস্টে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বক্তব্যও জানা যায়নি।