logo

নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৯ বছর পূর্তিতে দুদিনব্যাপী উৎসব

নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৯ বছর পূর্তিতে দুদিনব্যাপী উৎসব
‘নৃপতি’ নাটকের দৃশ্য। ছবি: দলের সৌজন্যে

মঞ্চনাটকে ৪৯ বছর পূর্ণ করছে নান্দনিক নাট্য সম্প্রদায়। এ উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুদিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’-এর আয়োজন করতে যাচ্ছে নাট্যদলটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে এ উৎসব। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ব্যক্তিত্বরা।

১৯৭৭ সালের ১৬ অক্টোবর একদল তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে নান্দনিক নাট্য সম্প্রদায়। নাটকের মাধ্যমে সমাজজীবনের প্রতিচ্ছবি তুলে ধরে দর্শকদের মধ্যে সচেতনতা ও উপলব্ধি জাগিয়ে তোলার প্রত্যয় নিয়ে পথচলা শুরু হয় সংগঠনটির।

উৎসব প্রসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, ‘নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। “নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে”- এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই।’

দুদিনব্যাপী উৎসবের প্রথম দিন ২২ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘নৃপতি’।

উৎসবের দ্বিতীয় দিন ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবারও মঞ্চস্থ হবে ‘নৃপতি’। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

নান্দনিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, ‘নাটকের মাধ্যমে সমাজজীবনের সকল জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসব-মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাসমূহকে মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।’

দীর্ঘ পথচলার এই আয়োজনে নাট্যপ্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে নিজেদের সাংস্কৃতিক যাত্রার আনন্দ ভাগ করে নিতে চায় নান্দনিক নাট্য সম্প্রদায়।