ব্রাজিলের জয়ে শোবিজ অঙ্গনে খুশির বন্যা

এশিয়া পোস্ট বিনোদন
ব্রাজিলের জয়ে শোবিজ অঙ্গনে খুশির বন্যা
সামাজিকমাধ্যমে উচ্ছ্বসিত শোবিজ তারকারা। ছবি: সংগৃহীত


ফুটবল মানেই কোটি কোটি মানুষের আবেগ ও উচ্ছ্বাস। প্রিয় দলের জয়ে যেমন সবাই উদ্বেলিত হয়, তেমনি মুষড়ে পড়েন পরাজয়ে। বাংলাদেশের বিনোদন অঙ্গনেও তেমনি প্রিয় দলের জয়ে বয়ে যায় তারকাদের উচ্ছ্বাস। প্রাণবন্ত কথোপকথন আর খুনসুটিতে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

Advertisement

সোমবার জাপানের বিপক্ষে ২-১ গোলে এক দুর্দান্ত জয় পেয়েছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রিয় দল ব্রাজিলের জয়ে উদযাপনে মেতেছেন সেলিব্রিটি থেকে শুরু করে দলটির সাধারণ ভক্তরা। ম্যাচ শেষ হতেই সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ ও ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন ঢাকাই শোবিজ তারকারা।

খেলা শেষ হওয়ার পর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের ফেসবুক স্ট্যাটাস, ছবি আর ভিডিওতে প্রকাশ পাচ্ছে সেলেসাওদের প্রতি তাদের ভালোবাসা। অপু বিশ্বাস, শরিফুল রাজ, জান্নাতুল হিমি, সাফা কবির, সজল নূর, জিয়াউল হক পলাশসহ নামি তারকারও মেতেছেন জয়োৎবে। মধ্যরাত থেকেই ফেসবুক হয়ে ওঠে সরব।

খেলা শেষে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ চিত্রনায়ক শরিফুল রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল লিখে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেতাকে দেখা যায় বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল এক পতাকা ওড়াতে। আর হাতে রয়েছে একটি ফুটবল।

চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছেন। দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করেন তিনি। পরের পর্বে আরও ভালো করার আশা প্রকাশ করেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দুর্দান্ত জয়ে মেতে উঠেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গায়ে ব্রাজিলের জার্সি জড়িয়ে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, কী দারুণ একটা ম্যাচ! প্রতিটি হৃৎস্পন্দন সার্থক ছিল।

গ্ল্যামারাস অভিনেত্রী পারসা ইভানা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ব্রাজিল আমি তোমাকে ভালোবাসি।

এ ছাড়া অভিনেত্রী হিমি, আব্দুন নূর সজল, ফারিণ খান, জিয়াউল হক পলাশসহ বেশকিছু তারকা ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন।