‘না এসে পারলাম না’

আড়াই বছর পর যুক্তরাষ্ট্র থেকে সকালে দেশের মাটিতে পা রাখেন অভিনেত্রী নোভা ফিরোজ। দীর্ঘ জার্নি শেষে দেশে নেমেই নাশতা সারেন নিজের পছন্দের একটি রেস্টুরেন্টে। চায়ে চুমুক শেষে অভিনেত্রীর সঙ্গে কথা হয় এশিয়া পোস্টের।

শুরুতেই জানতে চাওয়া হয়, কতদিনের জন্য দেশে এসেছেন তিনি। নোভা বলেন, ‘মাত্র কয়েক সপ্তাহের জন্যই দেশে আসা। ফিরতি টিকিটও কাটা।’

এত অল্প সময়ের জন্য কেন?—প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে, তাদের ডাকে সাড়া না দিলে প্রকৃতিও রাগন্বিত হয়। তেমনই একজন মানুষ আমার জীবনে আছে। সে হচ্ছে আমার ভাগ্নি, যাকে আমি শুধু জন্মই দিইনি, বাকি সব দায়িত্ব আমার কাঁধে ছিল। যে আমার মেয়ের যত্নে বড় হয়েছে। তার বিয়ে এ মাসে, তার জীবনের এমন একটি দিনে আমি থাকব না—তা কীভাবে হয়! তাই না এসে পারলাম না। ছেলেও এসেছে আমার সঙ্গে, এবার শুধু পরিবারের সঙ্গেই সময় কাটবে। তাই সবার সঙ্গে দেখা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে পরের সফরে অনেক দিন হাতে নিয়ে আসব। দেশে নেমেই নিজের প্রিয় একটি জায়গায় নাস্তা করলাম, এখন ঘুম দেব। এরপর উঠেই বিয়ের ব্যস্ততা শুরু।’

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নোভা বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানকার স্থায়ী বাসিন্দাও তিনি, আছে রেস্টুরেন্ট ব্যবসাও। সবকিছু মিলিয়ে প্রবাসজীবন দারুণ কাটছে জনপ্রিয় এই অভিনেত্রীর।
