হামে আক্রান্ত সালমান-নাদিয়ার কন্যা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও অভিনেতা সালমান আরাফাতের মেয়ে মেহরোজ নূর সানাহ হামে আক্রান্ত হয়েছে। বিষয়টি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দুজনই জানিয়েছেন।
শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি বার্তা দেন নাদিয়া। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আমাদের সানাহ বেবি অনেক অসুস্থ, হাম পজিটিভ। প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে, চিকিৎসা চলছে।’
এরপর সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, ‘সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্নশীল হোন, বাচ্চাদের নিরাপদে রাখুন। সবাই আমার সানাহ বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।’
নাদিয়ার এই খবরটি জানার পর থেকেই উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। এদিকে দেশে প্রতিনিয়ত হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকদের মতে হাম সব বয়সের মানুষেরই হতে পারে, তবে এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ও আক্রান্ত হয় শিশুরা।
২০২৪ সালের জুনে অভিনেতা সালমান আরাফাতকে বিয়ে করেন নাদিয়া। গত ১ জানুয়ারি এই দম্পতির কোলজুড়ে আসে কন্যাসন্তান সানাহ।