logo

ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা ওয়াহাজ আলী

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা ওয়াহাজ আলী
ওয়াহাজ আলী। ছবি: অভিনেতার ইন্সটাগ্রাম থেকে

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে বিন’ সিরিজে ইউমনা জায়েদির বিপরীতে অভিনয় করে দর্শকহৃদয়ে দাগ কেটেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী। এমনকি সিরিজটির পুরো দক্ষিণ এশিয়ায় তিনি দারুণ পরিচিতি লাভ করেন।

এবার সেই তারকাভক্তদের জন্য সুখবর, খুব দ্রুতই বাংলাদেশে আসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন ওয়াহাজ।

অভিনেতা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’

জানা গেছে, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। এই প্রদর্শনীর সমাপনী আয়োজনে ব্যক্তিগত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়াহাজ আলী।

২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিষেক হয় ওয়াহাজ আলী। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ও ‘ইশক জালেবি’র মতো একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি।