ব্রাজিল সমর্থকের ঘরে বউ হয়ে যাবেন না জেবা

চলমান বিশ্বকাপ উন্মাদনা আরও বাড়িয়ে দিতে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে বল পায়ে সবুজ মাঠে নয়, এবার তাকে দেখা যাবে নাটকের পর্দায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী জেবা জান্নাত।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী টিভিতে প্রচার হবে এ জুটির বিশেষ ধারাবাহিক নাটক ‘রেড কার্ড’। নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।
নাটকের গল্পে দেখা যাবে, এলাকার সুন্দরী ও সামাজিক মাধ্যমের ভাইরাল তরুণী জেবা। তবে তার ভাইরাল হওয়ার মূল কারণ জামাল ভুঁইয়ার মন জয় করা। জেবা কট্টর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে জামাল ব্রাজিলের ভক্ত। কাহিনিতে মোড় আসে তখন, যখন জামাল বিয়ের প্রস্তাব নিয়ে জেবাদের বাড়ি হাজির হন। ঠিক সেই মুহূর্তে এলাকার আর্জেন্টাইন এক সমর্থক জেবাকে খবর দেন জামাল আসলে ব্রাজিলের সমর্থক।
ব্রাজিল সমর্থকের ঘরে কোনোভাবেই বউ হয়ে যাবেন না আর্জেন্টিনার ভক্ত জেবা। ফুটবল মাঠের মতো সরাসরি জামালকে ‘রেড কার্ড’ দেখিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। মেয়ে দেখার আসরেই বিয়ে ভেঙে যাওয়ায় ভেঙে পড়ে জামালের হৃদয়। কঠিন পরিস্থিতিতে জামালের পাশে এসে দাঁড়ায় এলাকার একঝাঁক ব্রাজিল সমর্থক ও তার বন্ধু মিলন। তারা জামালের জন্য ব্রাজিলের সমর্থক সুন্দরী পাত্রীর খোঁজ শুরু করে। কিন্তু জামালের মন জুড়ে কেবলই জেবা। ওদিকে জেবাও তার সিদ্ধান্তে অনড়। একদিকে ফুটবলীয় অহংকার, অন্যদিকে ভালোবাসা— দু’জনই এখন বিরহের আগুনে পুড়ছেন। ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হওয়া জেবা-জামালের প্রেম ও ফুটবলীয় যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা নিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।
জামাল ভুঁইয়া ও জেবা জান্নাত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার ও লিজা খানমসহ আরও অনেকে।




