
২০২৫ সালের মে থেকে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান ভারতের পর্দা থেকে দূরে রাখার চেষ্টা করছে দেশটির সরকার। তবে এসব অনুষ্ঠানের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমেনি। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার এবং ব্যক্তিগত প্রদর্শনীর মাধ্যমে তারা দেখছেন পাকিস্তানি নাটক। সম্প্রতি পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের এমন আগ্রহের বিষয়টি সামনে এসেছে।
ভারতের নয়াদিল্লিতে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের উপস্থিতি আশা করলেও এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি। নাটকটি ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভক্তদের তৎপরতা থেমে নেই। প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে তারা নাটকটির বিভিন্ন দৃশ্য বিনিময় করছেন, পর্ব নিয়ে আলোচনা করছেন এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
নাটকটির গল্পে রয়েছে জারিয়াব, তার শৈশবের ভালোবাসার মানুষ জামিল এবং পরবর্তী সময়ে জারিয়াবের জীবনে আসা আবু বকর। আবু বকরের সহানুভূতিশীল আচরণ ও ব্যক্তিত্ব দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
এদিকে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে চলতি সপ্তাহান্তে ‘দার-ই-নিজাত’-এর অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানগুলোর প্রচারপত্র পুলিশের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়। তবে নিষেধাজ্ঞা ও প্রশাসনিক বাধা সত্ত্বেও নাটকটির প্রতি ভক্তদের আগ্রহ কমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে একটি বাক্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে-‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ‘ধৈর্যের ফল নয়, আমাদের আবু বকর চাই।’
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে ভারতীয় দর্শকেরা ইউটিউবে পাকিস্তানি নাটক দেখছেন। এতে পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর দর্শকসংখ্যায়ও ভারতীয়দের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ‘দার-ই-নিজাত’ প্রচার করা হয় পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে।
চ্যানেলটির বিনোদন বিভাগের প্রধান জেরজিস সেজা জানিয়েছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শনের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে। তাঁর ভাষায়, ‘এই যুগে আপনি কোনো কনটেন্টে প্রবেশ কঠিন করতে পারেন, কিন্তু পুরোপুরি আটকাতে পারবেন না।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান এক দিনে ৭২ শতাংশ বেড়েছিল। পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপ টেন ভিপিএনের তথ্য অনুযায়ী, ওই দিনই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে অনলাইন কনটেন্ট নিয়ে পাল্টাপাল্টি বিধিনিষেধের প্রভাবও ভিপিএন ব্যবহারের এই প্রবণতায় ভূমিকা রেখেছিল।
পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহের পেছনে সাংস্কৃতিক সাদৃশ্যকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুই দেশের ভাষা, সামাজিক জীবন ও পারিবারিক সংস্কৃতিতে অনেক মিল থাকায় পাকিস্তানি নাটকের গল্প ভারতীয় দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের বিনোদনশিল্পের নির্মাণমান ও গল্প বলার ধরনও আগের তুলনায় উন্নত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খানের মতে, পাকিস্তানি নাটকে ইসলাম ও মুসলিম চরিত্রের যে স্বাভাবিক ও অন্তর্ভুক্তিমূলক উপস্থাপন দেখা যায়, তা-ও ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। তাঁর মতে, ভারতীয় চলচ্চিত্র ও ধারাবাহিকে অনেক সময় মুসলিম চরিত্রকে গতানুগতিকভাবে উপস্থাপন করা হয়। সে জায়গায় ‘দার-ই-নিজাত’-এর মতো নাটক ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ছিল। তবে গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান আয়োজনের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সীমিত করার নীতি গ্রহণের পর তা আরও জোরালো হয়।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে পাকিস্তান। পরে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়। এর পরপরই জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক প্রচার বন্ধে পদক্ষেপ নেয় ভারত।
এদিকে পাকিস্তানের প্রথম মৌলিক ধারাবাহিক নিয়ে নেটফ্লিক্সও নতুন করে চাপে পড়েছে। ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ নামের সিরিজটি ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমির। সিরিজটি ভারতে প্রচার না করার বিষয়ে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটফ্লিক্সকে নির্দেশনা দিয়েছে। তবে ভারতের বাজারে সিরিজটি দেখানো হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
