বাংলার লোকগান নিয়ে বিশ্ব মঞ্চে সূচনা শেলী

বাংলার লোকসংগীতের সুর ও ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শিল্পী সূচনা শেলী। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লোকসংগীত তুলে ধরেছেন তিনি। এবার কিরগিজস্তানের বহুল আলোচিত ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে যাচ্ছেন এই শিল্পী।
কিরগিজস্তানে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আয়োজন মূলত যাযাবর জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারাকে উদযাপন করে। এশিয়ার বিভিন্ন দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটে এই আয়োজনে। আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর ষষ্ঠ আসর, যা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের আসরের সাংস্কৃতিক পর্বে ফোক গানের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী। তার সঙ্গে থাকবে তার ব্যান্ড ‘দিব্যজ্ঞানী’। পরিবেশনায় বাংলাদেশের লোকসংগীতের নিজস্ব সুর, ঐতিহ্য, মরমি দর্শন ও মানবতাবাদী ভাবধারা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাদের।
আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের লোকসংগীত উপস্থাপনের সুযোগকে গর্বের বলে মনে করছেন সূচনা শেলী। তিনি বলেন, ‘বাংলাদেশের লোকসংগীত শুধু আমাদের সংস্কৃতির অংশ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের জীবন, দর্শন, আত্ম-অনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ ঐতিহ্য। আন্তর্জাতিক একটি মঞ্চে দাঁড়িয়ে সেই গান ও দর্শনকে বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পারা আমার জন্য একই সঙ্গে আনন্দের ও গর্বের।’
তিনি আরও বলেন, ‘চেষ্টা করব আমাদের পরিবেশনায় বাংলার মাটি, মানুষের জীবন, লালনের মানবতাবাদী দর্শন এবং বাংলার মরমি সংগীতের বৈচিত্র্য তুলে ধরতে। প্রতিযোগিতায় ভালো করার পাশাপাশি বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের লোকসংগীতের স্বকীয়তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’
এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন সূচনা শেলী। সেখানে শতাধিক দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এবারও আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের লোকসংগীতকে নতুন করে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয় তার।


