‘রূপসী শ্রীমঙ্গল’ শুধু একটি গান নয়: আসিফ আকবর

রাজধানীর বনানী ক্লাবে জমকালো আয়োজনে প্রকাশিত হলো বিশেষ মিউজিক্যাল ভিজ্যুয়াল ‘রূপসী শ্রীমঙ্গল’। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন আয়োজিত এই প্রকাশনা অনুষ্ঠান হয় ২১ মে।
বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান-এর কণ্ঠে পরিবেশিত ‘রূপসী শ্রীমঙ্গল’ শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ‘দুটি পাতা একটি কুঁড়ির দেশ’খ্যাত শ্রীমঙ্গল-এর মনোমুগ্ধকর আবহ, সবুজ চা-বাগান, পাহাড়ি সৌন্দর্য ও স্থানীয় সংস্কৃতিকে কাব্যময় ভাষায় তুলে ধরেছেন লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজ।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশিফ। মিউজিক্যাল ভিজ্যুয়ালটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা। এতে অভিনয় করেছেন ফারহান খান রিও ও সিফাত নুসরাত। পাশাপাশি বিশেষ উপস্থিতি রয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার কায়েস আজিজ, সংগীত পরিচালক রাজা কাশিফ, ধ্রুব কুমার গুহসহ গানের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে আসিফ আকবর বলেন, ‘রূপসী শ্রীমঙ্গল’ শুধু একটি গান নয়, এটি শ্রীমঙ্গলের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি সৃজনশীল প্রয়াস।

রুবাইয়াত জাহান বলেন, ‘দেশের সৌন্দর্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এমন আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব কুমার গুহ বলেন, ‘বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এমন একটি সৃজনশীল যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত।’
‘রূপসী শ্রীমঙ্গল’ বর্তমানে ধ্রুব মিউজিক স্টেশন-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।