logo

বিয়ে করলেন অস্কারজয়ী কে-পপ তারকা ইজে

বিয়ে করলেন অস্কারজয়ী কে-পপ তারকা ইজে
প্রেমিক স্যাম কিমকে বিয়ে করেছেন কে-পপ তারকা ইজে। ছবি: ভোগ

‘কে-পপ ডেমন হান্টার্স’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি, ‘গোল্ডেন’ গানের সাফল্য - সব মিলিয়ে গত কিছু সময় বেশ আলোচনায় ছিলেন সংগীতশিল্পী ইজে। এবার ব্যক্তিজীবনের নতুন খবর দিয়ে আলোচনায় এলেন এই কে-পপ তারকা। দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমকে বিয়ে করেছেন তিনি।

গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এই বিয়ের বিশেষত্ব শুধু তারকাখ্যাতি কিংবা সাজপোশাকে নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ইজের শৈশবের অনেক স্মৃতি।

সংবাদমাধ্যম ভোগের এক প্রতিবেদন অনুযায়ী, বিয়ের জন্য ইজে এমন একটি স্থান বেছে নিয়েছিলেন, যেখানে একসময় থাকতেন তার দাদা-দাদি। ছোটবেলার অনেকটা সময় ওই বাড়ির বাগানে ঘুরে বেড়িয়ে এবং বাড়ির পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটি করে কাটিয়েছেন তিনি। জীবনের বিশেষ দিনটিতে তাই স্মৃতিবিজড়িত জায়গাটিকে বেছে নেওয়া ছিল তার কাছে আবেগেরও বিষয়।

বিয়ের পোশাকেও কোরীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছেন ইজে ও স্যাম কিম। দুজনের পরনেই ছিল দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবক। কনের সাজে ইজের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের কারুকাজ করা পোশাক। এর সঙ্গে ছিল গাঢ় লাল রঙের দীর্ঘ, ঘেরওয়ালা স্কার্ট।

পোশাকটির ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত। এটি কোরীয় নারীদের ঐতিহ্যবাহী জ্যাকেটধর্মী পোশাক। আর নিচের লম্বা স্কার্টটির নাম ‘চিমা’। ডাঙ্গুইজুড়ে সোনালি নকশার পাশাপাশি বুকের মাঝখানে ছিল ড্রাগনের প্রতিকৃতি। চুলের ঐতিহ্যবাহী অলংকারও তার সাজে যোগ করে আলাদা মাত্রা। পোশাকটি নকশা করেছেন দক্ষিণ কোরিয়ার ডিজাইনার হান উন-হি।

অন্যদিকে, স্যাম কিমের পরনে ছিল হালকা সোনালি-খয়েরি রঙের হানবক। সাদা কলার, কোমরে গাঢ় রঙের বাঁধন এবং বুকের কাছে গোলাপি ফিতার মতো অলংকরণে তার পোশাকেও ফুটে উঠেছিল ঐতিহ্যের ছাপ।

ইজে ও স্যাম কিমের পরিচয় ২০১৭ সালে। সে সময় স্যাম সংগীত প্রযোজক হিসেবে কাজ করতেন। গানের একটি সেশনে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। ২০২৩ সালে বাগ্‌দান সারলেও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে আসেননি তারা। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করে বাগ্‌দানের খবর জানান ইজে।

‘কে-পপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রের ‘গোল্ডেন’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ইজে। গানটির জন্য অস্কার জয়ের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। পেশাগত সাফল্যের পাশাপাশি এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই শিল্পী। শৈশবের স্মৃতি জড়িয়ে থাকা স্থানে বিয়ে এবং ঐতিহ্যবাহী পোশাকের আয়োজন - সব মিলিয়ে ইজের বিশেষ দিনটি হয়ে উঠেছে ব্যক্তিগত আবেগ ও কোরীয় সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন।

সূত্র: ভোগ