logo

এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন: আসিফ আকবর

এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন: আসিফ আকবর
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বহুল আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে নানা আলোচনা। এবার সেই কাতারে যুক্ত হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মহিষটির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানান।

পোস্টে আসিফ আকবর লেখেন, এই বাফেলোটার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে, আরও অসহ্য অনেক কিছুই হবে। এ মহিষটা তো জানে না তার দোষ কী। সে একটা আদুরে পরিবেশে বেড়ে উঠেছে, ভবিষ্যৎ জানি না। অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনও আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইল, প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক। প্লিজ!

Capture
Capture

বর্তমানে আলোচিত এই অ্যালবিনো মহিষটি ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে সেখানে স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রথমে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয় এবং পরে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও খাবারের ব্যবস্থা করা হয়। বর্তমানে প্রাণীটি পর্যবেক্ষণে রয়েছে এবং সুস্থ আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

অ্যালবিনো জাতের এই মহিষটি আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালনপালন করা হতো। অস্বাভাবিক সাদা রং ও বিশেষ গঠনের কারণে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।