logo

বারী সিদ্দিকীর স্মরণে জাহাঙ্গীর আলমের কণ্ঠে প্রকাশ পেল কালজয়ী গান ‘শুয়া চাঁন পাখি’

বারী সিদ্দিকীর স্মরণে জাহাঙ্গীর আলমের কণ্ঠে প্রকাশ পেল কালজয়ী গান ‘শুয়া চাঁন পাখি’
জাহাঙ্গীর আলম। ছবি: শিল্পীর সৌজন্যে

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী বারী সিদ্দিকীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য হিসেবে প্রকাশিত হলো তার গাওয়া উকিল মুন্সির কালজয়ী গান ‘শুয়া চাঁন পাখি’। গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর আলম (শ্রাবণ)।

বাংলা লোকসংগীতের আকাশে বারী সিদ্দিকী এমন এক নাম, যার কণ্ঠের মায়া ও সংগীতের গভীরতা আজও শ্রোতাদের আবেগাপ্লুত করে। তার গাওয়া অসংখ্য গান মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। বিশেষ করে ‘শুয়া চাঁন পাখি’ গানটি বাংলা লোকসংগীতের এক অনন্য সম্পদ হিসেবে বিবেচিত।

Advertisement

২৪ নভেম্বর এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণ দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গানটির নতুন পরিবেশনা প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের সেতারবাদক এবং সংগীত পরিচালক জাহাঙ্গীর আলম (শ্রাবণ) ।

উকিল মুন্সির কালজয়ী সৃষ্টি ‘শুয়া চাঁন পাখি’ মূলত মাটির মানুষের জীবন, বিরহ, ভালোবাসা ও অন্তর্গত আবেগের এক অসাধারণ সংগীতময় প্রকাশ। সহজ অথচ গভীর কথামালায় রচিত এই গান মানুষের হৃদয়ের একান্ত অনুভূতিগুলোকে স্পর্শ করে। বারী সিদ্দিকীর দরদমাখা কণ্ঠ, স্বতন্ত্র গায়কি ও আবেগঘন পরিবেশনা গানটিকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়। সময়ের ব্যবধানে গানটি শুধু একটি লোকগান হিসেবেই নয়, বরং বাংলা সংগীতপ্রেমীদের আবেগ ও ভালোবাসার অংশ হয়ে উঠেছে।

সেই কিংবদন্তি শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই জাহাঙ্গীর আলম (শ্রাবণ) এর এই নতুন পরিবেশনা। গানটি নতুন করে গাওয়ার পেছনে বাণিজ্যিক উদ্দেশ্যের চেয়ে শিল্পীর স্মৃতিকে সম্মান জানানো এবং তার সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ভাবনাই প্রাধান্য পেয়েছে বলে জানান শ্রাবণ।

গানটি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম (শ্রাবণ) বলেন, বারী সিদ্দিকী আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তার কণ্ঠ, গায়কির স্বতন্ত্রতা এবং গানের প্রতি গভীর দরদ আমাকে সবসময় মুগ্ধ করে। ‘শুয়া চাঁন পাখি’ এমন একটি গান, যার সঙ্গে শ্রোতাদের আবেগ ও ভালোবাসা মিশে আছে। গানটি গাওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি অনেক বড় একটি দায়িত্বেরও বিষয়। কারণ, বারী সিদ্দিকীর মতো একজন কিংবদন্তি শিল্পীর গাওয়া গান নতুন করে পরিবেশন করা সহজ কোনো বিষয় নয়।

বর্তমানে জাহাঙ্গীর আলম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যন্ত্রশিল্পী (গ্রেড-৩) হিসেবে কর্মরত আছেন।