একসঙ্গে ছয় শিল্পীর ইসলামি গান

পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে একটি ইসলামি গানে কণ্ঠ দিয়েছেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ছয় কণ্ঠশিল্পী। এরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ।
দুঃখ, হতাশা ও নিঃস্বতার মুহূর্তে একমাত্র ভরসা আল্লাহ। মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে, কুরআনের নির্দেশনা মেনে আল্লাহর দিকে ফিরে গেলে তিনি বান্দাকে আশ্রয় ও শান্তি দেন। এই ভাবার্থে “আল্লাহ দেবে ঠাঁই” শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান । সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। ফারহান আহমেদ রাফাতের পরিচালনায় ভিডিওতে অংশগ্রহণ করেছেন এই ছয় শিল্পী।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, এক গানে জনপ্রিয় ছয় শিল্পীর অংশগ্রহণ নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। গানের কথায় আল্লাহর স্মরণ, শুকরিয়া আদায়, ধৈর্য ও মোনাজাতের মাধ্যমে হতাশা থেকে মুক্তি পাওয়ার আহ্বান জানানো হয়েছে। আশা করছি, এই ইসলামি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
কাজী শুভ বলেন, গানের কথাগুলো অসাধাণ। আমরা ছয়জন খুব ভক্তি নিয়ে গানটি গেয়েছি। আশা করছি, এই গানটি শুনলে মুমিনের দিল ঠান্ডা হয়ে যাবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, শীঘ্রই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপশি শুনতে পাওয়া যাবে, দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।