ওয়ারফেজের মঞ্চে থাকবেন অনি হাসান

বছর শেষে ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য সুখবর নিয়ে এলো আয়োজক অ্যাডভেন্ট কমিউনিকেশনস ও অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেটরক। আগামী ২৩ অক্টোবর, ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ কনসার্ট। যেখানে পারফর্ম করবে দেশের জনপ্রিয় সব ব্যান্ডদল।
কনসার্টে বেশকিছু চমক থাকবে, যার মধ্যে অন্যতম অনি হাসান। তিনি তার সাবেক ব্যান্ড ওয়ারফেজের হয়ে মঞ্চে থাকবেন। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরই মধ্যে অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।
এই আয়োজনের লাইনআপে থাকবে ‘নগরবাউল’, ‘আর্ক’, ‘ওয়ারফেজ’, ‘অর্থহীন’ ও ‘শূন্য’। এ ছাড়াও একক পরিবেশনায় থাকবেন গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল। এর মধ্যে দীর্ঘ সময় পর দেশের স্টেজে পারফর্ম করবে ব্যান্ড শূন্য।
ওয়ারফেজের সঙ্গে অনি ২০০৭ সাল থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন। এরপর বিদেশে স্থায়ী হন। এবার এই ব্যান্ডের হয়ে স্টেজে আবারও দেখা যাবে তাকে।